• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

বাবর-কামিন্স-ব্র্যাথওয়েটের মধ্যে কে হবেন সেরা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৬, ৬ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
বাবর-কামিন্স-ব্র্যাথওয়েটের মধ্যে কে হবেন সেরা?

সেরা ক্রিকেটারের দৌড়ে থাকা তিন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। মার্চ মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে নাম রয়েছে তিন দেশের তিন অধিনায়কের।

মনোয়নপ্রাপ্তরা হলেন- পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, উইন্ডিজ টেস্ট দলের ক্যাপ্টেন ক্রেইগ ব্র্যাথওয়েট এবং অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্বে থাকা প্যাট কামিন্স।

নিজ দলের জন্য মার্চ মাসে তিন দেশের অধিনায়কই অসাধারণ পারফরম্যান্স করেছেন। এরমধ্যে পাকিস্তানের বাবর আজমকে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজে দুর্দান্ত ক্রিকেট খেলার জন্য। মার্চ মাসে অজিদের বিপক্ষে ঘরের মাঠে তিন টেস্টের পাঁচ ইনিংসে ৭৮ গড়ে ৩৯০ রান করেছেন বাবর।

বিশেষ করে করাচি টেস্টে প্রতিকূল অবস্থায় দাঁড়িয়ে ম্যাচ বাঁচানো ১৯৬ রানের অনবদ্য ইনিংস ছিল বাবরের। এ ছাড়াও ওয়ানডে সিরিজেও ম্যাচ জেতানো ১১৮ রানের ইনিংস রয়েছে পাকিস্তান অধিনায়কের।

একই মাসে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েটও। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তিন ম্যাচের ছয় ইনিংসে ব্যাট হাতে ৮৫ গড়ে ৩৪১ রান করেন ব্র্যাথওয়েট। এরমধ্যে সিরিজের দ্বিতীয় টেস্টে ম্যাচ বাঁচানো ১৬০ রানের ম্যারাথন শতক রয়েছে। এ ছাড়াও ইংল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতা সিরিজে আরও দুটি অর্ধশতকের দেখা পেয়েছিলেন ব্র্যাথওয়েট।

এদিকে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া অজি অধিনায়ক কামিন্স পাকিস্তানের বিপক্ষে সিরিজে বল হাতে ছিলেন দুর্দান্ত। ৩ ম্যাচের টেস্ট সিরিজে ফ্ল্যাট পিচেও ১২ উইকেট শিকার করেছিলেন কামিন্স। এরমধ্যে সিরিজ নির্ধারণী শেষ টেস্টে ম্যাচ জেতানো ৮ উইকেট সংগ্রহ করেন কামিন্স। যার ফলে ২৪ বছর পর পাকিস্তান সফরে এসে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতে সফরকারী অস্ট্রেলিয়া।

বিভি/এইচএস

মন্তব্য করুন: