• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

‘নিপীড়িত মানুষের জন্য এম. এন. লারমার রাজনৈতিক দর্শন গুরুত্বপূর্ণ’

প্রকাশিত: ২০:৪৯, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘নিপীড়িত মানুষের জন্য এম. এন. লারমার রাজনৈতিক দর্শন গুরুত্বপূর্ণ’

নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় এম. এন. লারমার রাজনৈতিক দর্শন ও সংবিধানচিন্তা গুরুত্বপূর্ণ বলে জানান অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বিপ্লবী এম. এন. লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির উদ্যোগে এক স্মরণসভায় এসব বক্তব্য দেন তিনি। 

স্মরণসভায় সভাপতিত্ব করেন বিপ্লবী এম. এন. লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। জাতীয় কমিটির সদস্যসচিব হিরন মিত্র চাকমার সঞ্চালনায় সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড. ঈশিতা দস্তিদার।

স্মরণসভায় আরও বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী ও নিজেরা করি-এর সমন্বয়ক খুশি কবির, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য দীপায়ন খীসা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মনীন্দ্রনাথ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহা তাঞ্জিম তিতিল এবং পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অন্তর চাকমা প্রমুখ।

শোক প্রস্তাব পাঠে ঈশিতা দস্তিদার বলেন, এম এন লারমা ছিলেন জনগণের সত্যিকারের এক নেতা, মেহনতী মানুষের পরম বন্ধু। নেতা হিসেবে তিনি ছিলেন অসীম ধৈর্য, মনোবল, আত্মবিশ্বাস ও কষ্ট সহিষ্ণুতার অধিকারী। তিনি ছিলেন আদর্শবান, সৃজনশীল। রাজনীতিক ও আপোষহীন সংগ্রামী। ব্যক্তি জীবনে তিনি মৃদুভাষী, আচার-ব্যবহারে অমায়িক, ক্ষমাশীল, সৎ ও সুশৃঙ্খল এবং সাধাসিধা জীবন যাপনে অভ্যন্ত ছিলেন। তিনি জুম্ম জনগণের পাশাপাশি বাংলাদেশের কৃষক, শ্রমিক, মাঝি-মাল্লা তথা সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের জন্য জাতীয় সংসদের ভিতরে ও বাইরে আপোষহীন সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন নারী অধিকারের বলিষ্ঠ প্রবক্তা। পুরুষ যে অধিকার ভোগ করে নারীকেও সেই অধিকার প্রদানের পক্ষে তিনি ছিলেন সোচ্চার। এদেশের নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এম এন লারমার অবদান চিরভাস্বর হয়ে থাকবে।

অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমাকে কেবল একজন আঞ্চলিক নেতা হিসেবে অভিহিত করার মাধ্যমে তার রাজনৈতিক দর্শন ও চিন্তাধারাকে প্রান্তিকীকরণ করা হয়। অথচ তার রাজনৈতিক দর্শন ও সংবিধানবিষয়ক চিন্তাভাবনা সমগ্র বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় এম. এন. লারমার রাজনৈতিক দর্শন ও সংবিধানচিন্তা গুরুত্বপূর্ণ। 

তিনি বলেন, এম. এন. লারমা শুধু পার্বত্য চট্টগ্রামের নন, তিনি বাংলাদেশের জাতীয় বীর।

তিনি আরও বলেন, ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনও অধরা। তার মতে, চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ সরকারের আন্তরিকতার অভাব রয়েছে। সরকারের এই সংশয়বাদী অবস্থান বাংলাদেশের সামগ্রিক সমৃদ্ধি ও প্রগতির পথে বাধা সৃষ্টি করছে। 

১০ সেপ্টেম্বর বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত তিনটি বাজেটকে সম্পূর্ণভাবে পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী উল্লেখ করে তিনি বলেন, এসব বাজেটের মধ্য দিয়ে সামরিক বাহিনীকে আরও ক্ষমতায়ন এবং পার্বত্য চট্টগ্রামে তাদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে সংকটকে দীর্ঘায়িত করার নীলনকশা প্রতিফলিত হয়েছে। এর মধ্য দিয়ে বিএনপি সরকারের রাজনৈতিক দ্বিচারিতাও স্পষ্ট হয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, তৎকালীন বাস্তবতায় এম. এন. লারমারা সংগ্রামের পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন। বিশেষ নিরাপত্তার অজুহাতে পার্বত্য চট্টগ্রামে সামরিক আধিপত্য প্রতিষ্ঠা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

খুশি কবির বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাহাড় ও সমতলের আদিবাসীরা দেশকে শত্রুমুক্ত করতে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠায় আদিবাসীদের অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। বাঙালি জাতীয়তাবাদ ও সাংস্কৃতিক জাগরণের সেই সময়ে মানবেন্দ্র নারায়ণ লারমা স্পষ্টভাবে তুলে ধরেছিলেন যে, বাংলাদেশ কেবল বাঙালিদের নয়; এ দেশে বাঙালিদের পাশাপাশি অন্যান্য জাতিসত্তারও বসবাস ও স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে। তাই সাংবিধানিক ও আইনগত স্বীকৃতির মাধ্যমে আদিবাসীদের ভূমির অধিকার ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।”

দীপায়ন খীসা বলেন, এম. এন. লারমা এবং তার সঙ্গে শহীদ হওয়া সহযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, লারমার চিন্তা ও দর্শনের প্রতিটি বাক্যে শ্রমজীবী-মেহনতি মানুষ, নারী এবং সকল জাতিসত্তার সমান অধিকার ও সমমর্যাদাভিত্তিক বাংলাদেশের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। বাংলাদেশের গণপরিষদে সংবিধান প্রণয়নকালীন বিতর্কে এম. এন. লারমা তার দৃঢ় ও বলিষ্ঠ কণ্ঠে নিজ জাতিসত্তার অধিকার ও মর্যাদার প্রশ্ন তুলে ধরেছিলেন।

তিনি আরও বলেন, বর্তমান বিএনপি সরকারের সামনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে, আর তা হলো এম. এন. লারমার রাষ্ট্রচিন্তা ও দর্শনের আলোকে রাষ্ট্র পুনর্গঠন করা। অতীতের সরকারগুলোর মতো বর্তমান সরকারও যদি জাতিগত অধিকার ও সমমর্যাদার দাবিগুলো উপেক্ষা করে, তবে তার দায় রাষ্ট্র ও বাংলাদেশকেই বহন করতে হবে।

জহির উদ্দিন চন্দন বলেন, কাপ্তাই বাঁধবিরোধী আন্দোলনের মধ্য দিয়েই এম. এন. লারমার সংগ্রামী রাজনৈতিক জীবনের সূচনা ঘটে। পরবর্তী সময়ে বাংলাদেশের গণপরিষদে যখন বাঙালি জাতীয়তাবাদের প্রশ্ন উত্থাপিত হয়, তখন তিনি বাংলাদেশের অন্যান্য জাতিসত্তার স্বতন্ত্র পরিচয় ও অস্তিত্বের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন। তিনি সংবিধানে দেশের ক্ষুদ্র জাতিসত্তাগুলোর স্বীকৃতি ও অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছিলেন। মূলত এম. এন. লারমা এমন একটি বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, যেখানে জাতি, ধর্ম, বর্ণ ও পরিচয় নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হবে।

শামসুল হুদা বলেন, বাংলাদেশের শাসকগোষ্ঠী বারবার নানা প্রতিশ্রুতি দিয়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলেও ক্ষমতায় যাওয়ার পর সেসব প্রতিশ্রুতি বিস্মৃত হয়ে দলীয় স্বার্থ হাসিলেই ব্যস্ত থেকেছে। তাঁর মতে, সংখ্যাগরিষ্ঠ বাঙালি শাসকগোষ্ঠী ক্ষুদ্র জাতিসত্তাগুলোর অধিকার প্রত্যাখ্যানের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদী জাত্যভিমানী মানসিকতার পরিচয় দিয়ে আসছে, যা একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম অন্তরায়।

তিনি আরও বলেন, রাষ্ট্রের এই উদাসীনতার কারণেই মানবেন্দ্র নারায়ণ লারমার জাতিগত বৈষম্য ও জাত্যভিমানের বিরুদ্ধে উত্থাপিত প্রতিবাদ যথাযথ গুরুত্ব পায়নি। তাই একটি আদর্শিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম শুধু পাহাড়ি জনগোষ্ঠীর নয়, বরং এ লড়াই সবার। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সংগ্রাম অব্যাহত রাখা নৈতিক দায়িত্ব।

অন্তর চাকমা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা শুধু বাংলাদেশের নয়, বরং সমগ্র বিশ্বের শোষিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অগ্রণী সেনানী। বর্তমানে বাংলাদেশের সংবিধান সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠন নিয়ে যে সংলাপ ও আলোচনা চলছে, তার অনেক মৌলিক দিকের আদর্শিক রূপরেখা এম. এন. লারমা তৎকালীন গণপরিষদের বিতর্কে তুলে ধরেছিলেন। তার রাষ্ট্রচিন্তা, বহুত্ববাদী দর্শন এবং সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক। ঘাতকের বুলেটে এম. এন. লারমার শারীরিক মৃত্যু ঘটেছে ঠিকই, কিন্তু তাঁর আদর্শ, দর্শন ও সংগ্রামী চেতনাকে হত্যা করা সম্ভব হয়নি। তার চিন্তা ও আদর্শ আজও শোষিত-নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রেরণা জোগাচ্ছে।

এ ছাড়াও বক্তব্য রাখেন গণফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহা তাঞ্জিম তিতিল, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক, পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে বিপ্লবী এম. এন. লারমা ও তাঁর শহীদ সহযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

উল্লেখ্য, ১৯৮৩ সালের ১০ নভেম্বর বিভেদপন্থীদের সশস্ত্র হামলায় মানবেন্দ্র নারায়ণ লারমা তাঁর আট সহযোদ্ধাসহ নিহত হন। দিনটি প্রতিবছর এম. এন. লারমার মৃত্যুবার্ষিকী হিসেবে স্মরণ করা হয়।

বিভি/টিটি

মন্তব্য করুন: