• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, মোংলা-পায়রা বন্দর থেকে কত দূরে?

প্রকাশিত: ২৩:০৫, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, মোংলা-পায়রা বন্দর থেকে কত দূরে?

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালি হচ্ছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। তবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তি (ক্রমিক নম্বর-১৮) থেকে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল ১৫.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫.২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

এ সময় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

যেখানে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বর্তমানে বিক্ষুব্ধ রয়েছে। পাশাপাশি এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে।

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রবন্দরগুলো ছাড়াও উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত