নোয়াখালীতে ঝলসে যাওয়া আমনখেতে কৃষকদের মানববন্ধন
নোয়াখালীর সুবর্ণচরে ঝলসে যাওয়া আমনখেতে মানববন্ধন ও জলবায়ু স্ট্রাইক করেছেন কৃষক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ অর্থ বরাদ্দ, কৃষকের মালিকানায় নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করা এবং সরাসরি অনুদানের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের ১ নম্বর স্লুইসগেট এলাকার কৃষিজমিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ) এবং সার্ভিস ফর হিউম্যান বিয়িং অর্গানাইজেশন (এসএইচবিও) যৌথভাবে কর্মসূচির আয়োজন করে।
আয়োজকেরা জানান, তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকদের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি। এর প্রতিবাদে এবং কৃষকদের দাবি আন্তর্জাতিক আলোচনায় তুলে ধরতে এ কর্মসূচি পালন করা হয়েছে। কপ৩১ চলাকালে ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহের অংশ হিসেবে সুবর্ণচরে এ আয়োজন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, গত ৯ নভেম্বর কপ৩১-এর প্রথম দিন ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে নির্ধারিত ছিল। কিন্তু ওই দিনের আলোচনা থেকে কৃষকদের জন্য সুনির্দিষ্ট অর্থায়নের অঙ্গীকার, সময়সীমা বা বাধ্যতামূলক কোনো সিদ্ধান্ত আসেনি। অথচ এফএও-ইউএনডিপির হিসাব অনুযায়ী, বিশ্বের অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য। বিপরীতে এ খাত পায় অভিযোজন অর্থের মাত্র ২০ শতাংশ। জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থে কৃষির অংশ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ১৯ শতাংশে দাঁড়িয়েছে।

বক্তারা আরও বলেন, স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা ও দাবিকে কপ৩১-এর আলোচনায় যুক্ত করাই এ প্রচারাভিযানের লক্ষ্য। কৃষিকে শুধু নিঃসরণ কমানোর খাত হিসেবে না দেখে খাদ্যের অধিকার, অভিযোজন, জীবিকা, জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য অর্থায়নের সমন্বিত বিষয় হিসেবে বিবেচনা করতে হবে।
কর্মসূচি থেকে আগামী ২০ নভেম্বর কপ৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার সুস্পষ্ট অঙ্ক নির্ধারণ এবং চাহিদা অনুযায়ী এর একটি অংশ কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য বরাদ্দের দাবি জানানো হয়। এ অর্থ ক্ষুদ্র কৃষকদের কাছে ঋণ নয়, অনুদান হিসেবে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা।
এ ছাড়া কৃষি ও খাদ্যনিরাপত্তাবিষয়ক শার্ম আল-শেখ যৌথ কার্যক্রমের পরবর্তী ধাপে কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে অগ্রাধিকার দেওয়া এবং ন্যায্য রূপান্তর কর্মসূচিতে কৃষক ও কৃষিশ্রমিকের অধিকার স্বীকৃতির দাবি তোলা হয়।
সৌর সেচ, সৌরচালিত হিমাগার ও কমিউনিটি মিনি-গ্রিডের মতো বিকেন্দ্রীকৃত নবায়নযোগ্য জ্বালানির মালিকানা কৃষক সংগঠন, সমবায় ও নারী কৃষকদের হাতে দেওয়ার আহ্বান জানান অংশগ্রহণকারীরা। পাশাপাশি সবুজ জলবায়ু তহবিল ও অভিযোজন তহবিলে তাদের সরাসরি প্রবেশাধিকার এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা, এনডিসি ও কপ প্রতিনিধিদলে কৃষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান তারা। এসব প্রস্তাব কপ৩১-এর আলোচনায় তুলে ধরতে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রতিও আহ্বান জানানো হয়।
এসএইচবিওর নির্বাহী প্রধান ফাহিদা সুলতানা বলেন, ‘কৃষকের খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই রূপান্তর করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকের কার্যকর অংশগ্রহণ।’
বিভি/নোয়াখালী/পিএইচ













মন্তব্য করুন: