মাঠে ৩ টাকার লাউ শহরের বাজারে ৫০! বাম্পার ফলনেও লোকসানে কৃষক
ছবি: অনলাইন
মাঠে পানির দামে বিক্রি হচ্ছে শীতের সবজি। অথচ কয়েক হাত ঘুরে সেই সবজিই ভোক্তাদের কিনতে হচ্ছে চড়া দামে। উত্তরাঞ্চলে চলতি মৌসুমে সবজির বাম্পার ফলন হলেও ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকরা। কৃষি অঞ্চলের পাঁচ জেলায় প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে উৎপাদিত ৩৫ ধরনের সবজির গড় বাজারমূল্য প্রায় ৪ হাজার কোটি টাকা। কিন্তু উৎপাদন খরচ তুলতে না পেরে পদে পদে লোকসান গুনছেন কৃষক।
সরেজমিনে দেখা যায়, মাঠে সকালের শিশিরভেজা মিষ্টি রোদে দোল খাচ্ছে শীতের নানা ধরনের সবজি। ফলনও হয়েছে ভালো। কিন্তু মাঠের এই সবুজের আড়ালে কৃষকের মুখে নেই হাসি।
রংপুরের মিঠাপুকুরের রানীপুকুর পরিচিত সবজি গ্রাম হিসেবে। এখানকার মাঠে এখন শীতের আগাম সবজির সমারোহ। তবে, বাম্পার ফলন হলেও ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকরা।
লাউ, শিম, কাকরোল ও ফুলকপিসহ বিভিন্ন সবজি নামমাত্র দামে বিক্রি করতে হচ্ছে প্রান্তিক এই কৃষকদের। কৃষকের কাছ থেকে ৩ টাকায় কেনা একটি লাউ কয়েক হাত ঘুরে শহরের বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকায়! একই চিত্র অন্যান্য সবজির ক্ষেত্রেও। উৎপাদন খরচ তুলতে না পেরে লোকসানের মুখে পড়ছেন কৃষকরা। অন্যদিকে, সবজির বাজার নিয়ে শঙ্কায় স্থানীয় ব্যবসায়ীরাও।
এদিকে, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে উত্তরাঞ্চলে সবজির উৎপাদন বেড়েছে। এ অবস্থায় একই ধরনের সবজি ব্যাপক হারে চাষ না করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।
চলতি মৌসুমে কৃষি অঞ্চলের পাঁচ জেলায় ১৫ হাজার হেক্টর জমিতে ৩৫ ধরনের সবজির চাষ হয়েছে। এসব সবজির গড় বাজারমূল্য প্রায় ৪ হাজার কোটি টাকা। বিপুল পরিমাণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় লাভের মুখ দেখছেন না অনেক কৃষক।
বিভি/রংপুর/পিএইচ













মন্তব্য করুন: