• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

কৃষক কার্ড: ২ জেলার ৫ লাখ কৃষকের জন্য বরাদ্দ ১০২ কোটি টাকা

বাসস

প্রকাশিত: ১৭:১৮, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কৃষক কার্ড: ২ জেলার ৫ লাখ কৃষকের জন্য বরাদ্দ ১০২ কোটি টাকা

কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়ানো, উৎপাদন ব্যয় সামলাতে সহায়তা এবং কৃষিতে সামাজিক নিরাপত্তা জোরদার করতে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এ কর্মসূচির অংশ হিসেবে আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া এবং ৫ ডিসেম্বর গাইবান্ধায় কৃষকদের মধ্যে কৃষি উপকরণ সহায়তা বিতরণ করা হবে। দুই জেলায় প্রায় পাঁচ লাখ কৃষককে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে। এ জন্য বরাদ্দ নির্ধারণ করা হয়েছে প্রায় ১০২ কোটি টাকা।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪ লাখ ৪৩ হাজার ৪৮৪ জন কৃষকের তথ্য হালনাগাদ করা হয়েছে। বাকি ৫৬ হাজার ৫১৬ জনের তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে। নভেম্বরের মধ্যেই এ কার্যক্রম শেষ করার আশা করছে মন্ত্রণালয়।

তবে আইবাস++ পদ্ধতিতে ব্যাংক হিসাব যাচাই সম্পন্ন হয়েছে ৪ লাখ ৬ হাজার ৫৯১ জন কৃষকের। নির্ধারিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেবেন।

কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কৃষি উপকরণ কেনার ব্যয় মেটাতে সহযোগিতা, কৃষকদের তথ্যভিত্তিক নিবন্ধন এবং সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করাও এ কর্মসূচির লক্ষ্য।

কৃষি বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। দেশের বিপুলসংখ্যক মানুষের জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল। তবে উৎপাদন ব্যয় বৃদ্ধি, বাজারে পণ্যের দামের ওঠানামা, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হতে হয়। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মৌসুমি অর্থসংকট এবং বীজ, সারসহ প্রয়োজনীয় উপকরণের বাড়তি দাম সামলানো কঠিন হয়ে পড়ে।

এ বাস্তবতায় কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা এবং কৃষিসেবা সহজ করতে কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, আগামী চার বছরে দেশের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের বছরে ২ হাজার ৫০০ টাকা করে কৃষি উপকরণ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ অর্থ দিয়ে বীজ, সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ কেনার সুযোগ পাবেন কৃষকেরা। সরাসরি তাদের হাতে সহায়তা পৌঁছালে উৎপাদন কার্যক্রম পরিচালনায় আর্থিক চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

কুষ্টিয়ায় ৬৭ কোটি টাকার বেশি সহায়তা

কৃষক কার্ড কর্মসূচির সর্বশেষ সরকারি সারসংক্ষেপ অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়ায় এ কর্মসূচির আওতায় কৃষি উপকরণ সহায়তা দেওয়া হবে। খুলনা ও ঢাকা বিভাগের সংশ্লিষ্ট এলাকার মোট ২ লাখ ৮৯ হাজার ২৫৩ জন কৃষককে এ সহায়তার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ৬৮ হাজার ৮৩৬ জনের ব্যাংক হিসাব আইবাস++ পদ্ধতিতে যাচাই করা হয়েছে।

এ কর্মসূচিতে প্রত্যেক কৃষকের জন্য ২ হাজার ৫০০ টাকা হিসাবে মোট ৬৭ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা সহায়তা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে খুলনা বিভাগের ১০টি উপজেলার ১১০টি কৃষি ব্লকে রয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৯৭ জন কৃষক। ঢাকা বিভাগের ১৩টি উপজেলার ১৪৭টি কৃষি ব্লকে রয়েছেন ১ লাখ ৫২ হাজার ২২০ জন।

কুষ্টিয়া সদর উপজেলার একটি কৃষি ব্লকে ২ হাজার ৮৫০ জন কৃষকের হাতে কৃষক কার্ড বিতরণ করা হবে।

গাইবান্ধায় সহায়তা পাবেন দেড় লাখের বেশি কৃষক

আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধায় কৃষক কার্ড কর্মসূচির আওতায় কৃষি উপকরণ সহায়তা দেওয়া হবে। রংপুর বিভাগের আটটি উপজেলার ৫০টি কৃষি ব্লকের ১ লাখ ৫৪ হাজার ২৩১ জন কৃষক এ তালিকায় রয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৭৫৫ জনের ব্যাংক হিসাব আইবাস++ পদ্ধতিতে যাচাই করা হয়েছে।

এ কর্মসূচিতে কৃষকদের জন্য মোট ৩৪ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা সহায়তা নির্ধারণ করা হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি কৃষি ব্লকে ১ হাজার ৯৯০ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হবে। কার্ড বিতরণ কার্যক্রমে সোনালী ব্যাংক পিএলসি যুক্ত থাকবে।

দুই জেলার কর্মসূচিতে সব মিলিয়ে কৃষকের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৪৮৪ জন। তাদের মধ্যে ৪ লাখ ৬ হাজার ৫৯১ জনের ব্যাংক হিসাব যাচাই করা হয়েছে। দুই কর্মসূচিতে মোট সহায়তার পরিমাণ ১০১ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা। কৃষকের সংখ্যা বাড়ার সঙ্গে সহায়তার পরিমাণও বাড়তে পারে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দেশজুড়ে চলছে তথ্য যাচাই ও নিবন্ধন

কৃষক কার্ড বিতরণের প্রস্তুতির অংশ হিসেবে দেশব্যাপী কৃষকদের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও ব্যাংক হিসাব সংযুক্তির কাজ চলছে। ২৬ নভেম্বরের সরকারি সারসংক্ষেপ অনুযায়ী, সারা দেশে ২৬ লাখ ৯৮ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে কমিটি অনুমোদন দিয়েছে ১৯ লাখ ২ হাজার কৃষকের তথ্য। ব্যাংক হিসাব সংযুক্ত হয়েছে ১৬ লাখ ৫২ হাজার কৃষকের এবং আইবাস++ পদ্ধতিতে যাচাই সম্পন্ন হয়েছে ১৫ লাখ ৩২ হাজার জনের।

মন্ত্রণালয়ের মতে, কৃষকদের পরিচয় ও কৃষিকাজের তথ্য একটি সমন্বিত ব্যবস্থায় সংরক্ষিত হলে ভবিষ্যতে সরকারি সহায়তা, প্রণোদনা ও বিভিন্ন কৃষিসেবা আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। প্রকৃত কৃষক শনাক্ত করা এবং সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেও এ নিবন্ধন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার প্রত্যাশা

একসময় উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় মৌসুমি খাদ্যসংকট, কর্মসংস্থানের অভাব ও দারিদ্র্য মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছিল। বিশেষ করে রংপুর অঞ্চলে ‘মঙ্গা’ ছিল অভাব ও অনিশ্চয়তার পরিচিত প্রতীক। সময়ের সঙ্গে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থার সম্প্রসারণ, উন্নত জাতের ফসল ও আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষিভিত্তিক কর্মসংস্থান বাড়ায় পরিস্থিতির পরিবর্তন হয়েছে।

এ অবস্থায় কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছানো গেলে ক্ষুদ্র কৃষকদের উৎপাদন পরিকল্পনা বাস্তবায়ন সহজ হতে পারে। বীজ, সারসহ প্রয়োজনীয় উপকরণ কেনার ক্ষেত্রে তাদের আর্থিক চাপ কমার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও অর্থপ্রবাহ বাড়তে পারে।

তবে কৃষি খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নে শুধু আর্থিক সহায়তাই যথেষ্ট নয়। কৃষিপণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, হিমাগার স্থাপন এবং বাজারজাতকরণ অবকাঠামো উন্নয়নও জরুরি। কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশ ঘটলে পণ্যের মূল্য সংযোজন, কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতির সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

কৃষক কার্ডের পাশাপাশি উন্নত বীজ ও সার সরবরাহ, কৃষি যান্ত্রিকীকরণ, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং আবহাওয়াভিত্তিক পরামর্শ কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হতে পারে। কৃষকদের মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস ও প্রয়োজনীয় কৃষি পরামর্শ পৌঁছে দেওয়ার ব্যবস্থাও এ খাতের ডিজিটাল রূপান্তরে ভূমিকা রাখছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলার কৃষকদের কৃষক কার্ড কর্মসূচির আওতায় আনা হবে। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের নিবন্ধন, সরকারি সুবিধা বিতরণ এবং কৃষিসেবার সঙ্গে তাদের সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষি কর্মকর্তাদের বক্তব্য

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম জানান, কৃষক কার্ড চালু হলে মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে কৃষি বিভাগের যোগাযোগ ও সেবা কার্যক্রম আরও সংগঠিত হবে। এ কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও নিবন্ধনের মাধ্যমে প্রকৃত কৃষকদের চিহ্নিত করা হচ্ছে, যাতে তাদের কাছে সরকারি সহায়তা সহজে পৌঁছানো যায়।

তিনি বলেন, কৃষি উপকরণ সহায়তার পাশাপাশি উন্নত জাতের বীজ, সুষম সার ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ এবং আবহাওয়াভিত্তিক পরামর্শের সমন্বয়ে মাঠপর্যায়ে কাজ চলছে। কৃষক কার্ড কৃষকদের সঙ্গে কৃষি সম্প্রসারণ সেবার কার্যকর সংযোগ তৈরি করবে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বলেন, প্রকৃত কৃষকদের কাছে সরকারি সহায়তা সরাসরি পৌঁছে দিতে কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই কৃষক কার্ড কর্মসূচি নেওয়া হয়েছে। কৃষকের কল্যাণ, উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ গুরুত্ব দিয়েছেন। এ লক্ষ্য বাস্তবায়নে পর্যায়ক্রমে দেশের কৃষকদের কর্মসূচির আওতায় আনা হচ্ছে।

তিনি আরও বলেন, ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কৃষি উপকরণ কেনার জন্য সহায়তা দেওয়া হলে উৎপাদন অব্যাহত রাখা এবং আর্থিক চাপ মোকাবিলা সহজ হবে।

কৃষি সচিবের ভাষ্য, কৃষকদের তথ্যভিত্তিক নিবন্ধন, ব্যাংক হিসাব যাচাই এবং স্বচ্ছ প্রক্রিয়ায় সহায়তা বিতরণের মাধ্যমে কৃষিসেবাকে আরও সহজ, কার্যকর ও কৃষকবান্ধব করার কাজ চলছে। কুষ্টিয়া ও গাইবান্ধায় কর্মসূচির সম্প্রসারণ কৃষকদের আর্থিক সক্ষমতা এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছে মন্ত্রণালয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত