• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ধানের শীষে ভোট দিতে চাওয়ায় ‘দোকানে তালা ঝুলানোর হুমকি’ দিলো জামায়াত নেতা

প্রকাশিত: ০৪:৪৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৪:৫০, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ধানের শীষে ভোট দিতে চাওয়ায় ‘দোকানে তালা ঝুলানোর হুমকি’ দিলো জামায়াত নেতা

ফাইল ছবি

সাতক্ষীরার শ্যামনগরে ধানের শীষ প্রতীকে ভোট দিতে চাওয়ায় জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে আব্দুর রশিদ নামের এক যুবকের দোকানে তালা ঝুলানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত জামায়াত নেতার নাম আবুল কাশেম। তিনি শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর। অপরদিকে ভুক্তভোগী আব্দুর রশিদের বাড়ি একই ইউনিয়নের দরগাহপুর গ্রামে।

আব্দুর রশিদ গণমাধ্যমকে জানান, এলাকার লোকজনের সঙ্গে গত ৯ ফেব্রুয়ারি (সোমবার) বিএনপির প্রার্থীর জনসভায় অংশ নিয়েছিলেন তিনি। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার জামায়াত নেতা আবুল কাশেম ওরফে জেহাদী কাশেম ১২ ফেব্রুয়ারির পর তার শ্যামনগরের দোকানে তালা ঝুলানোর হুমকি দেন। এ নিয়ে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে রশিদকে বাড়ির সামনে পেয়ে মারধর করার চেষ্টা করেন কাশেম।

তবে অভিযোগ অস্বীকার করে আবুল কাশেম গণমাধ্যমকে বলেন, ‘আব্দুর রশিদের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই মজা করে এমন কথা বলেছিলাম। বিষয়টি আব্দুর রশিদ সিরিয়াসলি নেওয়ার কারণে আমি  নিঃশর্ত ক্ষমা চেয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর আব্দুর রহমান বলেন, ‘যাকে হুমকি দেওয়া হয়েছে এবং যিনি হুমকি দিয়েছেন তারা দুজনই আমাদের লোক। বিষয়টি আমাদের ইউনিয়ন নেতারা দেখছেন।’

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান গণমাধ্যমকে জানান, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।

সহকারী রিটার্নি কর্মকর্তা শামসুজ্জাহান কনক গণমাধ্যমকে বলেন, ‘এমন ঘটনায় কেউ লিখিত বা মৌখিক কোনো অভিযোগ আজ সন্ধ্যা পর্যন্ত করেনি। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


 

বিভি/এআই

মন্তব্য করুন: