• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের পর অবিস্ফোরিত আরও ১১টি উদ্ধার

প্রকাশিত: ১২:৫৭, ২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের পর অবিস্ফোরিত আরও ১১টি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর-কাবিরাজপাড়া থেকে ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সকালে দুটি ককটেল বিস্ফোরণের পর অভিযান চালিয়ে অবিস্ফোরিত ককটেলগুলো উদ্ধার করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন এ তথ্য জানিয়েছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া ও শেখপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। এরইমধ্যে শুক্রবার (২ অক্টোবর) সকালে দুইটি ককটেল বিস্ফোরিত হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে কবিরাজপাড়া থেকে ১১টি ককটেল উদ্ধার করে। 

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল ওদুদ ও জালাল উদ্দীনের সমর্থকদের এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি এই বিরোধ আরও তীব্র হয়। ওই বিরোধের কারণে সংঘাতে জড়াতেই ককটেলগুলো মজুত করা হয়েছিলো।

সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১টি ককটেল উদ্ধার করেছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। তবে বেলা ১২টা পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এলাকার পরিস্থিতি অনেকটাই শান্ত বলে দাবি করেন ওসি।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: