বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় মাদক-সিগারেট উদ্ধার
খাগড়াছড়ি ৩২ বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও সিগারেট উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, ৩১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকারের মদ, সোয়া চার কেজি ভারতীয় গাঁজা ও ৪৭ কার্টুন ভারতীয় মনো সিগারেট।
খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহারিয়ার রাজীব জানান, ১ অক্টোবর গভীর রাতে বিদেশি অস্ত্র ও ভারতীয় মাদক আসতে পারে এমন গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৬২/২৬-এস এর বাংলাদেশের অভ্যন্তরে জানমারাটিলা ডাউন নামক স্থানে সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালানো হয়।
২ অক্টোবর সকালে জানমারাটিলা ডাউন নামক স্থানে ফের তল্লাশি চালিয়ে পাঁচটি বস্তা পরিত্যক্ত অবস্থায় উদ্বার করা হয়। পরে বস্তাগুলো খুলে পিস্তলসহ বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও সিগারেট পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় দুই লাখ ৬১ হাজার টাকা।
খাগড়াছড়ি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মো. শাহারিয়ার রাজীব পিএসসি জানান, বিজিবি মহাপরিচালক বর্ডার গার্ডব বাংলাদেশের দিক নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা, অস্ত্র পাচার প্রতিরোধ, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং চোরাচালান প্রতিরোধে সার্বক্ষণিক সক্রিয়ভাবে কাজ করছে। এই ব্যাটালিয়ন চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিভি/এসজি













মন্তব্য করুন: