• NEWS PORTAL

  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে: প্রতিমন্ত্রী 

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৭, ৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে: প্রতিমন্ত্রী 

ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার (৩ অক্টোবর) সকালে নদী ও পরিবেশবাদী সংগঠন নোঙর বাংলাদেশের আয়োজনে পঞ্চগড়ের তেঁতুলিয়ার ডাকবাংলোতে মহানন্দা নদী এলাকায় নোঙর রিভার ক্যাম্পের কার্যক্রমের উদ্বোধন ও নদী এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। 

আন্তঃসীমান্ত নদীর পানির হিস্যা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি এবং মিয়ানমারের সঙ্গে তিনটি আন্তঃসীমান্ত নদী রয়েছে।

ফারাক্কা চুক্তিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন করে চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে কারিগরি কমিটি কাজ করছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নদী ও খাল উদ্ধারে কোনো ধরনের দলীয় দৃষ্টিভঙ্গি বিবেচনা করা হবে না। আন্তঃসীমান্ত নদীগুলোতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হচ্ছে। দেশের খনন ও পুনরুদ্ধার করা নদী, খাল ও জলাশয় পুনরায় দখলের কোনো সুযোগ থাকবে না। নদী উদ্ধারে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। পাশাপাশি ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়ন এবং আন্তঃসীমান্ত নদীগুলোতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার উদ্যোগের কথাও তুলে ধরেছেন তিনি।

এর আগে  মহানন্দা নদীর সীমান্ত এলাকা পরিদর্শন শেষে নোঙর রিভার ক্যাম্পের পতাকা আয়োজকদের হাতে তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন প্রতিমন্ত্রী। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার অংশগ্রহণ করে প্রতিমন্ত্রী।

জানা গেছে, নোঙর বাংলাদেশের এ কার্যক্রম পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় শেষ করে টেকনাফে গিয়ে শেষ হবে। 
এসময় পঞ্চগড়ে জেলা পরিষদের প্রশাসক এম.এ মজিদ, তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আঁকাশ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য দিন মোহাম্মদ খান, সালাউদ্দীন প্রধান, নাসির খান মিন্টু সহ জেলা-উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত