ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ রজব মোল্লা!
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় যাত্রী পরিবহনের জন্য ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর মো. রজব মোল্লা (৩৮) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
নিখোঁজ রজব মোল্লা উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত মো. শাহজাহান মোল্লার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও যাত্রী পরিবহনের উদ্দেশ্যে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন রজব মোল্লা। সাধারণত তিনি দুপুর ২টার মধ্যে বাড়িতে ফিরে গোসল ও খাওয়াদাওয়া শেষে আবার ভ্যান নিয়ে বের হতেন। তবে এদিন নির্ধারিত সময় পার হলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা জানান, বিকেল ৪টার দিকে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবার সূত্রে আরও জানা গেছে, রজব মোল্লার ভ্যান চালানোর আয়ের ওপরই পরিবারের ভরণপোষণ নির্ভরশীল। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
এ ঘটনায় এখনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে পরিবার সূত্রে জানা গেছে। তবে বিষয়টি বালিয়াকান্দি থানাকে জানানো হয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি রজব মোল্লার সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
ওবায়দুর রহমান
মোবাইল: ০১৫১৬৫৬২৬৫০
বিভি/পিএইচ













মন্তব্য করুন: