• NEWS PORTAL

  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

সীমান্ত থেকে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৩, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সীমান্ত থেকে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সাতক্ষীরা সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৮ নভেম্বর) সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় গুঁড়া দুধ, ওষুধ, মোবাইলের খুচরা যন্ত্রাংশ, চার্জিং পিন ও নেশাজাতীয় আরসি কফ সিরাপ। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মশাখরা, কাঁকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপির পাশাপাশি ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল এসব অভিযান পরিচালনা করে।

অভিযানে পদ্মশাখরা বিওপির দল সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যানের মোড় এলাকা থেকে ভারতীয় গুঁড়া দুধ জব্দ করে। কাঁকডাঙ্গা বিওপির দল কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ও ভাদিয়ালি এলাকা থেকে ভারতীয় ওষুধ উদ্ধার করে। একই উপজেলার চাঁন্দা এলাকা থেকে মাদরা বিওপির দল ভারতীয় মোবাইলের চার্জিং পিন এবং সুলতানপুর বিওপির দল মোবাইলের খুচরা যন্ত্রাংশ জব্দ করে।

এ ছাড়া সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল সদর উপজেলার হাড়দ্দহা এলাকা থেকে ভারতীয় নেশাজাতীয় আরসি কফ সিরাপ জব্দ করে। বিজিবি আরও জানায়, অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া জব্দ করা মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তী সময়ে জনসমক্ষে ধ্বংসের জন্য বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: