টিকটকে বাধা দেওয়ায় অভিমানে মাদরাসাছাত্রীর আত্মহত্যা!
বরিশালের গৌরনদীতে টিকটক করতে বাধা দেওয়ায় মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জান্নাতুল খানম জান্নাত (১৩) নামে এক মাদরাসাছাত্রী। জান্নাত ওই গ্রামের ইতালি প্রবাসী কামাল সরদারের মেয়ে। সে উপজেলার সুন্দরদী গাউছিয়া আবেদিয়া সুন্নীয়া মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে। রবিবার (৮ নভেম্বর) সকালে পারিবারিক কবরস্থানে জান্নাতের মরদেহ দাফন করা হয়েছে।
মৃতের স্বজনদের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিফ হাসান রাসেল জানান, পড়ালেখা বাদ দিয়ে টিকটক করায় গতকাল শনিবার বিকেলে জান্নাতুলকে বকাঝকা করেন তার মা। এতে মায়ের ওপর অভিমান করে সবার অজান্তে রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয় সে। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় গতকাল রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: