• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ডাকাতিয়া নদীতে নিখোঁজ প্রতিবন্ধী লিমন, ব্রিজে দাঁড়িয়ে নাতির অপেক্ষায় বৃদ্ধ দাদা

সুজন মজুমদার, কুমিল্লা

প্রকাশিত: ১৯:১৩, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:১৩, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ডাকাতিয়া নদীতে নিখোঁজ প্রতিবন্ধী লিমন, ব্রিজে দাঁড়িয়ে নাতির অপেক্ষায় বৃদ্ধ দাদা

কুমিল্লার লালমাই উপজেলায় ডাকাতিয়া নদীতে নেমে নিখোঁজ হয়েছেন রাকিবুল ইসলাম লিমন (২১) নামের এক প্রতিবন্ধী যুবক। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের শিকারীপাড়া ব্রিজের পাশ থেকে তিনি নিখোঁজ হন। দিনভর খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি। নদীতে তল্লাশি চালিয়েও তাঁকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

এদিকে, নাতির নিখোঁজ হওয়ার খবর পেয়ে শিকারীপাড়া ব্রিজে এসে দাঁড়িয়ে কাঁদছেন বৃদ্ধ দাদা মোসলেম। কখনও নদীর দিকে তাকাচ্ছেন, কখনো চোখের পানি মুছছেন। নাতির সঙ্গে কাটানো স্মৃতি মনে করে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি। তার একটাই প্রত্যাশা, নাতি ফিরে আসবে।

আবেগাপ্লুত কণ্ঠে মোসলেম বলেন, আমার নাতি আমারে ছাড়া কিছুই বোঝে না। দাদা, খানা খান, দাদা, আইয়েন, দাওয়াত আছে, খাইয়া যান এইডাই কইতো। আহ্, আমি কেমনে ভুলমু।

যে নাতি প্রতিদিন তাকে খাওয়ার জন্য ডাকতো, দাওয়াতের কথা মনে করিয়ে দিতো, সেই নাতিই এখন নিখোঁজ। তাই নদীর পাড় ছেড়ে যেতে পারছেন না বৃদ্ধ দাদা। যদি নাতির কোনো খোঁজ পাওয়া যায়, সেই আশায় ব্রিজের ওপর দাঁড়িয়ে অপেক্ষা করছেন তিনি।

লিমন কুমিল্লার লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বাকই গ্রামের জামাল হোসেনের ছেলে। তার বাবা স্থানীয় একটি মসজিদের ইমাম।

জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে হুইলচেয়ারে করে বাড়ি থেকে বের হন লিমন। এ সময় তার পরনে কোনও কাপড় ছিলো না বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে শিকারীপাড়া ব্রিজের ওপর তাকে হুইলচেয়ারে বসে থাকতে দেখেন পাশের মসজিদের মুয়াজ্জিন ইলিয়াস। তিনি লিমনের কাছে গিয়ে বাড়ি কোথায় জানতে চাইলে লিমন ‘বাকই’ বলে জানান। এরপর মুয়াজ্জিন ইলিয়াস আজান দিতে মসজিদে চলে যান। আজান শেষে ফিরে এসে দেখেন, ব্রিজের ওপর লিমন নেই। তবে সেখানে তার হুইলচেয়ারটি পড়ে আছে। পরে বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। শুরু হয় নদী ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি।

সকাল থেকে স্বজন ও স্থানীয় বাসিন্দারা নদীর পাড়ে ভিড় করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে লিমনের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের উদ্বেগ বাড়তে থাকে। এরই মধ্যে বৃদ্ধ দাদার এমন আকুতি সেখানে উপস্থিত অনেককেই আবেগাপ্লুত করে তোলে।

লিমনের বাবা জামাল হোসেন বলেন, ভোরে শিকারীপাড়া ব্রিজের পাশ থেকে তার ছেলে নিখোঁজ হয়। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর থেকে নদী ও আশপাশের এলাকায় তাকে খোঁজা হচ্ছে। কিন্তু এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

লাকসাম ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মঞ্জুরুল ইসলাম বলেন, নদীর গভীরতা বেশি থাকায় প্রাথমিকভাবে তল্লাশি চালিয়েও নিখোঁজ যুবককে পাওয়া যায়নি। পরে চাঁদপুর জেলা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ডুবুরিরা নদীতে তল্লাশি চালায় সন্ধ্যা পর্যন্ত। না পেয়ে তারা আবার চাঁদপুর চলে যায়।

বিভি/এসজি

মন্তব্য করুন: