আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হিলিতে পুলিশের তল্লাশি অভিযান
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন তৈরি হতে না পারে, সেই লক্ষ্যে হিলিতে পুলিশ প্রশাসনের বিশেষ তল্লাশি অভিযান চলমান রয়েছে। পাশাপশি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। মানুষের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্টে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে থামিয়ে সতর্কতার সাথে তল্লাশি করছেন হাকিমপুর থানা পুলিশ সদস্যরা।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাদশা আলম জানান, হিলি সীমান্ত এলাকা হওয়ায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ থানা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপতৎপরতা বা নৈরাজ্য নস্যাৎ করতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। এছাড়াও সাধারণ জনগণের পথচলায় যেন কোন ধরনের বিঘ্ন না ঘটে, আবার অপরাধীরা যেন কোনো সুযোগ না নিতে পারে তা নিশ্চিত করাই এই চেকপোস্ট ও বিশেষ তল্লাশির চালানো হচ্ছে।
তিনি আরও জানান, সাধারণ জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি কঠোর হস্তে দমন করা হবে।
বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করায় সাধারণ পথচারী ও যানবাহন চালকরা সন্তোষ প্রকাশ করেছেন। শহর জুড়ে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান স্থানীয়রা।
বিভি/এসজি













মন্তব্য করুন: