• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শরীয়তপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা, দায় কার?

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৮, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শরীয়তপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা, দায় কার?

শরীয়তপুর নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর তৎপরতা অব্যাহত রয়েছে। ঘন ঘন মিছিল-সমাবেশ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনা অবরোধের মতো ঘটনাও ঘটছে সেখানে। বিশেষ করে গভীর রাতের এসব কর্মসূচি ঘিরে স্থানীয় অধিবাসীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। আর এসব কার্যক্রম প্রতিরোধে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

সর্বশেষ সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক একটার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা এলাকায় সমবেত হন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা গুরুত্বপূর্ণ এই স্থাপনায় অবরোধ সৃষ্টির পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। পরবর্তীতে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

এ ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে রাত ১০টার দিকে পদ্মা দক্ষিণ থানা পুলিশ নাওডোবা এলাকার একটি দোকান থেকে আওয়ামী লীগের কর্মীদের জন্য প্রস্তুতকৃত ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করে। একটি সম্ভাব্য কর্মসূচির সরঞ্জাম জব্দের পরও পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় কীভাবে অবরোধের ঘটনা ঘটল—তা নিয়ে স্থানীয় জনগণের মনে ক্ষোভ ও সংশয় দেখা দিয়েছে।

খিচুড়ি জব্দের পর পুলিশের আগাম সতর্কতা বা গোয়েন্দা নজরদারি কতটা কার্যকর ছিল, কিংবা অবরোধ চলাকালে তাদের ভূমিকা কী ছিল—এসব বিষয়ে সদুত্তর মিলছে না।

ঘটনার বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মো. মহিউদ্দিন মিরাজ জানান, তারা দীর্ঘ সময় অবস্থান নেয়নি, স্রেফ একটি ঝটিকা মিছিল করেছে। আমরা মহাসড়কে তাদের উপস্থিতি দেখার পরপরই তাদের ছত্রভঙ্গ করে দেই। বিক্ষোভকারীদের কাছে দেশীয় অস্ত্র, লাঠিসোটা ছিল এবং তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তারা মহাসড়কে আনুমানিক ১০ মিনিটের মতো ছিল।

এদিকে, নিষিদ্ধ সংগঠনের এমন মুখোমুখি অবস্থান ও কর্মসূচির বিপরীতে স্থানীয় রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও আলোচনা-সমালোচনা চলছে। অবরোধের প্রাথমিক পর্যায়ে জাজিরা উপজেলা বিএনপির দৃশ্যমান কোনো প্রতিরোধ না থাকা নিয়ে প্রশ্ন ওঠে।

তবে এ অভিযোগের বিষয়ে জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ সিকদার, এ বিষয়ে জানান, মাদারীপুরের শিবচর সীমান্ত অতিক্রম করে কিছু লোক এসে এই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তারা সতর্ক অবস্থানে ছিলেন উল্লেখ করে তিনি বলেন, অরাজকতা সৃষ্টিকারীদের পুলিশ প্রশাসন প্রতিহত করবে এবং বিএনপি তাতে সর্বাত্মক সহযোগিতা জোগাবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: