ফরিদপুরে বাসে দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে চালকের মৃত্যু
ছবি: বাসস
ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাস বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে মঙ্গলবার ভোরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ভেতরে ঘুমিয়ে থাকা চালক মোহাম্মদ কালাচাঁদ শেখ (৫৫) মারা গেছেন। তিনি তিন সন্তানের জনক এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে ‘কিশোর তন্ময়’ নামের একটি বাস চালাতেন। প্রতিদিন কাজ শেষে বাসটি রাস্তার পাশে পার্ক করে সেটির ভেতরেই তিনি ঘুমাতেন।
প্রতিদিনের মতো সোমবার রাতেও তিনি নতুন বাসস্ট্যান্ডে বাসটি পার্ক করে ভেতরে ঘুমাতে যান। রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে দুষ্কৃতকারীরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে তিনি ভেতরে আটকা পড়েন।
কালাচাঁদের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, সোমবার শেষ রাতে চালক বাসের ভেতরে ঘুমাচ্ছিলেন। সেই সময় বাসটিতে আগুন লাগে।
তিনি জানান, ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে চালকের মৃত্যু হয়ে থাকতে পারে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তারা চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার জানান, এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
এদিকে স্থানীয় বাসিন্দারা এই অগ্নিসংযোগের জন্য কার্যক্রম-নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে দায়ী করেছেন।
তাদের অভিযোগ, সোমবার রাতে দেশের বিভিন্ন স্থানে দলটির কর্মীরা বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
তারা আরও দাবি করেন, দেশের বিভিন্ন এলাকায় ককটেল ও পেট্রোলসহ কয়েকজন কর্মীকে হাতেনাতে ধরা হয়েছে। ফরিদপুরের ঘটনাটিও সেই একই ধরনের সহিংসতার অংশ।
স্থানীয় বাসিন্দারা বলেন, ‘ঘুমন্ত মানুষকে পুড়িয়ে মারা কোনো মানুষের কাজ হতে পারে না। যারা এই কাজের জন্য দায়ী তারা সন্ত্রাসী।’
উল্লেখ্য, জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানে ১১৮টি শিশুসহ ১ হাজার ৪০০ জন প্রাণ হারিয়েছেন।
প্রতিবেদনে অভিযোগ করা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা স্বয়ংক্রিয় ও আধা-সংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিরস্ত্র মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের অভিযোগ, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ১৭ বছর ধরে অবৈধভাবে ক্ষমতায় টিকে ছিল। এই সময়ে বহু মানুষকে হত্যা ও গুম করা হয় এবং মতপ্রকাশের স্বাধীনতা দমন করা হয়। দলটির বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অসংখ্য সহিংসতার অভিযোগও আনেন তারা।
তারা ২০০৪ সালের ৫ জুনের কথা স্মরণ করে বলেন, সেদিন ঢাকার শেরাটন হোটেলের সামনে একটি দোতলা বিআরটিসি বাসে বারুদ ছিটিয়ে আগুন দেওয়া হয়েছিল। সেই ঘটনায় নারী ও শিশুসহ ১১ জন নিহত হন।
বিশ্লেষকদের অভিযোগ, আওয়ামী লীগ আবারো একই পথ অনুসরণ করছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: