সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহার, কার্বারি অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার এবং সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন সংগঠনটির সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে তিনি সংগঠনের সভাপতির পদ থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় লিখিত বক্তব্য পাঠ করে তিনি এসব ঘোষণা দেন।
ভিডিও বার্তায় নতুন জয় চাকমা জানান, সাজেকে চলমান সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাইরের এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে, যার ফলে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
তিনি আরও অভিযোগ করেন, সাজেকে চলমান অবরোধ ও বিভিন্ন কর্মসূচিতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করা হচ্ছিল। ইউপিডিএফের দলীয় স্বার্থে ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’ ও ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ গঠন ও পরিচালিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব সংগঠনের কার্যক্রম পরিচালনায় নিজেও ভূমিকা রেখেছিলেন।
দীর্ঘদিন ইউপিডিএফের অধীনে অবস্থানকালে সাধারণ মানুষকে ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করার অভিজ্ঞতা হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি নিজের এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছেন।
একজন কার্বারি হিসেবে এলাকার মানুষের স্বার্থ ও অধিকার রক্ষা করাই প্রধান দায়িত্ব এমন উল্লেখ করে তিনি বলেন, সেই দায়িত্ববোধ থেকেই তিনি সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ভিডিও বার্তার শেষাংশে নতুন জয় চাকমা স্পষ্ট করেন যে, তার এই সিদ্ধান্ত কোনো ব্যক্তিগত প্রতিশোধ বা রাজনৈতিক বিদ্বেষ থেকে নয়; বরং সাজেকের সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থ, অধিকার, মর্যাদা ও নিরাপত্তার কথা বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: