• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে গ্রেফতার যুবদল নেতা!

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ২১:১৮, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:১৯, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে গ্রেফতার যুবদল নেতা!

ইমরান খান সালাম

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধর মামলায় উপজেলা যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল পাঁচটার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত ইমরান খান সালাম বাকেরগঞ্জ উপজেলা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক। উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

মামলার বাদী বাকেরগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসক সুরঞ্জিত দাস বলেন, মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা বারোটার দিকে উপজেলা হাসপাতালের চেম্বারে রোগী দেখছিলেন তিনি। এ সময় জনৈক বেলায়েত হোসেন খান নামের একজন রোগী আসেন চিকিৎসা নিতে। চেম্বারে ৩-৪ জন রোগী থাকায় তাকে একটু অপেক্ষা করতে বলা হয়। বিষয়টি বেলায়েত হোসেন তার ছেলে ইমরান খান সালামকে জানান।

এর কিছুক্ষণ পর ইমরান খান সালাম ৩-৪ জনকে সঙ্গে নিয়ে তার চেম্বারে প্রবেশ করেন। এক পর্যায়ে তার সাথে অশোভন আচরণ, গালাগাল ও মারধর করে। পরিস্থিতি বেগতিক দেখে চিকিৎসক আত্মরক্ষার্থে চেম্বার থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন।

এ ঘটনায় চিকিৎসক ডা. চেম্বারে প্রবেশ করে সরকারি কাজে বাধা দেন এবং অশ্লীল ভাষায় গালাগালসহ মারধর করার অভিযোগ তুলে বাকেরগঞ্জ মামলা দায়ের করেন।  

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর শহিদুল ইসলাম জানান, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়ার পর মামলা দায়ের করা হয়।

তিনি আরো বলেন, ঘটনার পর চিকিৎসকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা সাময়িকভাবে রোগী দেখা বন্ধ রাখেন। পরে অবশ্য জরুরি বিভাগে চিকিৎসা সেবা চালু রাখা হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইমরান খান সালামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত সালামকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বুধবার সকালে আদালতে সোপর্দ করা হবে সালামকে। এ মামলার অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: