খুলনার বক্ষব্যাধি ক্লিনিকের স্টোররুমে আগুন
খুলনা সদর হাসপাতালের পেছনে অবস্থিত বক্ষব্যাধি ক্লিনিক, অ্যাজমা শ্বাসরোগ ও কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের স্টোররুমে আগুনের ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি ।
মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৬) রাত ৯টা ৪২ মিনিটের দিকে ক্লিনিকটির স্টোররুমে হঠাৎ আগুন লাগে। তাৎক্ষণিকভাবে উপস্থিত সাধারণ মানুষের সাহসিকতা ও প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই আগুন সম্পূর্ণ নিভে যাওয়ায় ফায়ার সার্ভিসের দলটি কেবল পরিস্থিতি পর্যবেক্ষণের কাজ সম্পন্ন করে। দলটির নেতৃত্ব দেন টুটপাড়া খুলনা সদরের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতশবাজির কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত করা যায়নি।
অগ্নিকাণ্ডে স্টোররুমে থাকা হ্যান্ড গ্লাভসের ৩-৪টি প্যাকেট, একটি ককশিট এবং কয়েকটি টিস্যু পেপারের বাক্স পুড়ে গেছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: