মাইনি নদীর ওপর হচ্ছে ৬০ কোটি টাকার সেতু, একনেকে অনুমোদন
খাগড়াছড়ির দীঘিনালায় মাইনি নদীর ওপর প্রায় ৬০ কোটি টাকা ব্যায়ে ২০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে।
দেশের উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প বুধবার (১৮ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। এ প্রকল্পের আওতায় খাগড়াছড়ির মাইনি নদীর ওপর সেতুটি নির্মাণের কথা রয়েছে।
খাগড়াছড়ি জেলার বাবুছড়া (আরএইচডি)-নুনছড়ি সড়কের ৪৩০ মিটার চেইনেজে মাইনি নদীর ওপর ২০০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হবে।
খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো.আনোয়ার রহমান বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া ডিও লেটারের মাধ্যমে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণের প্রস্তাব করা করেছিলেন। প্রকল্পটি বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর কাছে চিঠি দিয়েছিলেন। মাইনি নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় বর্ষা মৌসুমে স্থানীয় বাসিন্দাদের যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়। এতে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও জরুরি সেবা কার্যক্রমে চরম ভোগান্তি তৈরি হয়। সেতুর কাজ শেষ হলে স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন।
তিনি আরও বলেন, ‘সেতুর নকশার কাজ শেষ হওয়ার পর আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে। আনুমানিক ব্যয় প্রায় ৬০ কোটি টাকা হতে পারে।’
সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ীর কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, ‘পাহাড়ে প্রত্যন্ত এলাকাগুলোর উন্নয়নে বর্তমান সরকার অগ্রধিকার দিচ্ছি। নুনছড়ি এলাকায় সেতু নির্মাণে দীর্ঘ কয়েক দশকের দাবি ছিলো। অবশেষে সেতুর প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। সেতুটির নির্মাণ কাজ শেষ স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি কমবে।’
বিভি/এআই













মন্তব্য করুন: