ছয় বছরেও শেষ হয়নি ৬৫০ মিটার সেতুর কাজ, দুর্ভোগে মানুষ
রাজবাড়ীর পাংশা উপজেলার নাদুরিয়া ঘাট ও লাঙ্গলবাঁধের মধ্যে গড়াই নদীর ওপর নির্মাণাধীন ৬৫০ মিটার দীর্ঘ সেতুর কাজ ছয় বছরেও শেষ হয়নি। ২০২০ সালের ৩ জুন নির্মাণকাজ শুরু হলেও দুই দফায় মেয়াদ বাড়ানোর পরও কাজ সম্পন্ন করা যায়নি। বর্তমানে প্রায় ৬০ শতাংশের মত কাজ শেষ হয়েছে।
সেতুর কয়েকটি স্প্যান স্থাপন ও রাজবাড়ী অংশের সংযোগ সড়ক নির্মাণ এখনো বাকি। ফলে নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতের প্রধান ভরসা একমাত্র ট্রলার। বর্ষা মৌসুমে নদীতে স্রোত বাড়লে পারাপারে ঝুঁকি ও ভোগান্তি আরও বেড়ে যায়। যাত্রীদের পাশাপাশি মোটরসাইকেল, ইজিবাইক ও পণ্যবোঝাই ভ্যানও ঝুকি নিয়ে ট্রলারে পারাপার করতে হয়।
স্থানীয়দের প্রত্যাশা, সেতুটি চালু হলে রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও পাবনাসহ আশপাশের জেলার যোগাযোগব্যবস্থা সহজ হবে। পাশাপাশি রাজবাড়ীর সঙ্গে ঝিনাইদহের দূরত্ব প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার কমে আসবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’ প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৩ কোটি ৯১ লাখ ৬৮ হাজার ১৭০ টাকা। যৌথভাবে নির্মাণকাজ করছে এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও মীর হাবিবুল আলম।
সেতু ও সংযোগ সড়কের জন্য রাজবাড়ীর পাংশায় ৩ দশমিক ৬৬৫ একর এবং ঝিনাইদহের শৈলকুপায় ২ দশমিক ৫২ একর জমি অধিগ্রহণের প্রয়োজন। তবে জমি অধিগ্রহণের কাজ এখনো শেষ হয়নি। ফলে রাজবাড়ী অংশে সংযোগ সড়ক নির্মাণ করা যাচ্ছে না।
প্রকল্প ব্যবস্থাপক প্রতাপ গুণ জানান, আগে সেতুর একটি গার্ডার ভেঙে পড়া এবং নদীতে স্রোত বেশি থাকায় নির্মাণকাজ ব্যাহত হয়েছে। সংযোগ সড়ক না থাকায় নির্মাণসামগ্রী আনা-নেওয়াও কঠিন। তবে নতুন করে কাজ শুরু হয়েছে। গার্ডার তৈরির মালামালও এসেছে।
রাজবাড়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ হাসান জানান, জমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। প্রকল্পের মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানোর আবেদন করা হয়েছে।
দীর্ঘদিনের অপেক্ষার পরও সেতুটি কবে চালু হবে, তা এখনো নিশ্চিত নয়। দ্রুত নির্মাণকাজ শেষ করে সেতুটি চালুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বিভি/এআই













মন্তব্য করুন: