চট্টগ্রামে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, ৬ সদস্য আহত
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের একটি টহল গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়েছে সোহাগ পরিবহনের একটি বাস। এতে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার উত্তর সোনাপাহাড়ের চিনকি আস্তানা বাবুর তেলের দোকান এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য সবাই জোরারগঞ্জ হাইওয়ে থানার। তাদের মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, ভোরে হাইওয়ে পুলিশের একটি দল ভ্যানটি নিয়ে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিয়মিত টহল দিচ্ছিলো। এ সময় হঠাৎ পেছন থেকে সোহাগ পরিবহনের বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় ভ্যানে থাকা ছয় পুলিশ সদস্য আহত হন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: