নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী পৌরসভা গেটের সামনে যাত্রীবিহীন দাঁড়িয়ে থাকা আনন্দ পরিবহনের একটি বাসে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে সংগঠনটির অজ্ঞাতপরিচয় ৩-৪ জন ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা ঘটনার ভিডিও ধারণ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় পৌরসভার পাহারাদার, বাসচালকসহ উপস্থিত ব্যক্তিরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে বাসটি চৌমুহনী বাজারের দিকে চলে যায়। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সেখানে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে অগ্নিসংযোগের কোনো আলামতও পাওয়া যায়নি।
পরে পুলিশ চৌমুহনী ডেল্টা জুট মিল গেটসংলগ্ন আনন্দ পরিবহনের বাস কাউন্টারে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। তারা পুলিশকে জানান, বাসে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি। এ ছাড়া কাউন্টারে থাকা বাসগুলোতে তল্লাশি করেও আগুনে ক্ষতিগ্রস্ত কোনো বাসের সন্ধান পায়নি পুলিশ।
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুল কবির বলেন, বাসে আগুন দেওয়ার কোন ঘটনা ঘটেনি। ঘটনা শুনার সাথে সাথে পুলিশ তদন্ত করে। তবে বাসে আগুন দেওয়ার বিষয়ে কােনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া যে পরিবহনের গাড়িতে আগুনের কথা বলা হচ্ছে তারাও ঘটনা সঠিক নয় বলে জানিয়েছে।
বিভি/এআই













মন্তব্য করুন: