ভিডিও ভাইরালের পর বিপিডিবির সেই প্রকৌশলী বরখাস্ত
লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘুষ লেনদেন ও বিভিন্ন অনিয়ম নিয়ে তার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি ভাইরাল হওয়া প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওতে নুরুল আমিনকে এক ব্যক্তির সঙ্গে বিভিন্ন কাজের বিল, প্রকল্পের মালামাল ও অর্থ লেনদেন নিয়ে কথা বলতে শোনা যায়। ভিডিওর একটি অংশে একটি বিলের বিপরীতে দুই কোটি টাকা নেওয়ার বিষয়ে কথা বলতে শোনা যায় তাকে।
ভিডিওতে ওই ব্যক্তিকে উদ্দেশ করে নুরুল আমিনকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে। কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়ব না। ছয় কোটি টাকা তিনগুণ না, আমি দুই কোটি টাকার নিচে নড়ব না। চেয়ারম্যানের কাছে যেতে হলে যাব। দেখি চেয়ারম্যান কী কয়।’
এরপর তাকে আরও বলতে শোনা যায়, ‘একটা বিলের জন্য যদি দুই কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গামতো পোস্টিং দেবে।’
ভিডিওর অন্য একটি অংশে একটি কাজের ব্যয় ও প্রকল্পের মালামাল নিয়ে আলোচনা করতে শোনা যায় তাকে। সেখানে তিনি দাবি করেন, ‘তিন লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা।’ একই সময়ে প্রকল্পের মালামাল আত্মসাতের অভিযোগ তুলে তিনি বলেন, ‘ওই হিসাব করে দেখা যাবে, পাঁচ কোটি টাকার মাল তিনি আত্মসাৎ করেছেন। আমাকে দুই কোটি টাকা দেন, আমি সব সই করে দেব।’
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে নুরুল আমিনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিপিডিবি সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, ‘ভিডিওটি আমার নজরে এসেছে। ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি।’
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা বক্তব্য ও অভিযোগগুলোর সত্যতা এখনো প্রমাণিত নয়। বিষয়টি তদন্তের মাধ্যমে যাচাই করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: