রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৭৩টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ১১৪ জনকে গ্রেফতার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে।
গ্রেফতারদের বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মিরপুর বিভাগে ১১৪ জন, মতিঝিল বিভাগে ৭৫ জন, তেজগাঁও বিভাগে ৬০ জন, ওয়ারী বিভাগে ৫৯ জন, লালবাগ বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪২ জন, গুলশান বিভাগে ২৯ জন এবং রমনা বিভাগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০ জনকে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র, সরঞ্জাম ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৮টি গুলি, ৪টি ছুরি এবং ১টি স্টিলের কাটার। এ ছাড়া অভিযানে ২ হাজার ৪৮৪ পিস ইয়াবা এবং ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে অস্ত্র, সরঞ্জাম ও মাদকদ্রব্য। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিভি/বিএস/এজেড













মন্তব্য করুন: