ইয়াবাসহ আটক জামাই, শ্বশুরবাড়ি থেকে ৩টি ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার
পিরোজপুরে অভিযান চালিয়ে মীর সোহাগ নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্বশুরের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাসা গ্রামে এ অভিযান করে ডিবি।
পুলিশ জানায় , প্রথমে চুঙ্গাপাসা গ্রামে অভিযান চালিয়ে মীর সোহাগকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্বশুর রাজ্জাক হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িটি থেকে তিনটি ককটেল ও বিস্ফোরকজাতীয় ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. হোসেন আল মাহাবুব বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মীর সোহাগ বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।
বিভি/এসজি













মন্তব্য করুন: