বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা!
ছবি: ফাইল ফটো
মৌলভীবাজারের জুড়ীতে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে অপহরণের চেষ্টা করেছে দুই দুর্বৃত্ত। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ওই নারী কনস্টেবলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে মোটরসাইকেলে পালিয়ে যায় দুই তরুণ।
ওই নারী কনস্টেবল জুড়ী থানায় কর্মরত। তার স্বামীও একই থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি ভাড়া বাসায় থাকেন।
স্বামীর ভাষ্য অনুযায়ী, দায়িত্ব শেষে প্রায়ই হেঁটে বাসায় ফেরেন তার স্ত্রী। ঘটনার দিনও সাধারণ পোশাকে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। পথে নির্জন স্থানে পৌঁছালে পেছন থেকে এক তরুণ তার মুখ চেপে ধরেন। পরে তাকে সড়কের পাশের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কাছেই মোটরসাইকেলে অপেক্ষা করছিলেন আরেক তরুণ। ওই নারী কনস্টেবল চিৎকার শুরু করলে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে রেলস্টেশনের দিকে পালিয়ে যান। তবে তার কাছ থেকে কোনো জিনিসপত্র খোয়া যায়নি।
স্থানীয় বিএনপি নেতা এমদাদুল হক জানান, চিৎকার শুনে তিনি ও তার স্ত্রীসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশ সদস্যরাও সেখানে উপস্থিত হন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে দেখা গেছে। একটি ফুটেজে তাদের একজনকে ওই নারী পুলিশ সদস্যের পিছু নিতেও দেখা যায়। প্রাথমিকভাবে ঘটনাটিকে ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করছে পুলিশ। জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
বিভি/এমআর













মন্তব্য করুন: