নামিদামি ব্র্যান্ডের আদলে নকল গিজার তৈরি, কারখানা সিলগালা
বাজারে পরিচিত নামিদামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে তৈরি করা হচ্ছিল নিম্নমানের গিজার। এসব পণ্য উৎপাদন ও বাজারজাতের জন্য ছিল না বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বৈধ সিএম লাইসেন্স। এমনকি ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে নিম্নমানের গিজার বিক্রিতে ব্যবহার করা হচ্ছিল বিআরবি ও আর.এ.কে ব্র্যান্ডের নাম। এ অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ীতে একটি প্রতিষ্ঠানের কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর ‘১০ এমএম বিআরবি গিজার’ নামের প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটি বৈধ সিএম লাইসেন্স ছাড়াই নিম্নমানের গিজার উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এসব গিজার বিক্রির ক্ষেত্রে বিআরবি ও আর.এ.কে ব্র্যান্ডের নাম ব্যবহার করে ক্রেতাদের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছিল। এভাবে অনুমোদনহীন পণ্য বাজারজাতের দায়ে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
বিএসটিআইয়ের তথ্য অনুযায়ী, গিজার সংস্থাটির বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত ৩৩৫টি পণ্যের একটি। ফলে গিজার উৎপাদন, বিক্রি ও বিতরণের ক্ষেত্রে বিএসটিআইয়ের মান সনদ নেওয়া বাধ্যতামূলক। নির্ধারিত মান যাচাই ছাড়া এবং বৈধ লাইসেন্স না নিয়ে এসব পণ্য বাজারজাত করা আইনত দণ্ডনীয়।
শুধু নকল ব্র্যান্ডের ব্যবহার নয়, অনুমোদনহীন ও নিম্নমানের গিজার ব্যবহারে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে। বৈদ্যুতিক নিরাপত্তাব্যবস্থা, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং পানির চাপ সহ্য করার সক্ষমতা যথাযথভাবে পরীক্ষিত না হলে গিজার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, আগুন লাগা, গরম পানিতে দগ্ধ হওয়া কিংবা পানির ট্যাংক ফেটে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটতে পারে।
বিএসটিআই জানায়, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী পণ্যের মান ও নিরাপত্তা পরীক্ষা করেই মান সনদ বা লাইসেন্স দেওয়া হয়। তাই গিজার কেনার সময় শুধু ব্র্যান্ডের নাম বা বাহ্যিক চাকচিক্য নয়, পণ্যটির বৈধ মান সনদ ও নিরাপত্তার বিষয়টিও যাচাই করা জরুরি।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহযোগিতা করে। অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) ফারদিন ইসলাম ও পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
মো. মাহবুবুল ইসলাম জানান, পণ্যের মান নিশ্চিত করা, নিম্নমানের পণ্য উৎপাদন এবং সংস্থাটির মানচিহ্নের অবৈধ ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিভি/এমএ/পিএইচ













মন্তব্য করুন: