কর্ণফুলীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দুই অভিযুক্ত গ্রেফতার
চট্টগ্রামের কর্ণফুলীতে নুরুল আবছার নামে এক যুবকের হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় পলাতক দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে এসআরবি-৭। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার সৈন্যরটেক ও বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. সুমন ও মো. আকাশ নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এসআরবি জানায়, ঘটনার প্রায় দুই মাস আগে পারিবারিক কলহের জেরে ভুক্তভোগী নুরুল আবছারের স্ত্রী নাজমা আক্তার বাবার বাড়িতে চলে যান। এ সময় তাদের ১৪ মাস বয়সী শিশু সন্তান আব্দুল্লাহ ভুক্তভোগীর বাবা আব্দুর রহিমের জিম্মায় ছিল।
পরবর্তী সময়ে নুরুল আবছার ও তার স্ত্রী নাজমা আক্তারের মধ্যে পারিবারিক বিরোধ আরও বাড়ে। তাদের শিশু সন্তান আব্দুল্লাহকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছে দুই লাখ টাকার বিনিময়ে বিক্রির ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় গত ১০ নভেম্বর রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা মোবাইল ফোনে কল করে নুরুল আবছারকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পরদিন বিকেলে স্থানীয় লোকজন কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা এলাকায় একটি গাছের সঙ্গে নুরুল আবছারের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এসআরবির ভাষ্য অনুযায়ী, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা পূর্বপরিকল্পিতভাবে তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ থেকে নুরুল আবছারের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় মামলা করেন।
বিভি/সিটিজি/পিএইচ













মন্তব্য করুন: