এসএসসির ফল জালিয়াতি: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী কারাগারে
চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক প্রোগ্রামারসহ তিন কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মোহাম্মদ আবদুল মালেক (৫৬), স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম (২৯) ও শহিদুল আলম (২৭)। ফরহাদুল ও শহিদুল অস্থায়ী কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠানো হলেও বিষয়টি জানাজানি হয় শনিবার (২১ নভেম্বর)।
সিআইডি জানিয়েছে, শিক্ষা বোর্ডের করা ফলাফল জালিয়াতির মামলার এজাহারে এই তিনজনের নাম ছিল না। তবে তদন্তে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় পরে তাদের গ্রেফতার করা হয়েছে।
সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রাসেল মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তিনি জানান, তিনজনকে গ্রেফতারের মধ্য দিয়ে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ফল জালিয়াতির ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
শিক্ষা বোর্ড ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় এক শিক্ষার্থীর নম্বর পরিবর্তন করে পাস করানোর অভিযোগে গত ২৯ অক্টোবর পাঁচলাইশ থানায় মামলা করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক। মামলায় বোর্ডের কম্পিউটার সেলের কর্মচারী ইমতিয়াজ আহমেদ চৌধুরী, রাশেদুল ইসলাম, নূর হোসেন ওরফে রায়হান এবং ওই শিক্ষার্থীকে আসামি করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ওই শিক্ষার্থী ১০টি বিষয়ে অকৃতকার্য হলেও নম্বর পরিবর্তন করে প্রকাশিত ফলে তাকে জিপিএ-৪.৯৪ দেখানো হয়। উচ্চতর গণিতে শূন্যের পরিবর্তে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের পরিবর্তে ৪৫ এবং গণিতে ৯-এর পরিবর্তে ৬৬ নম্বর দেওয়া হয়। এ ছাড়া অন্যান্য বিষয়েও নম্বর বাড়ানোর অভিযোগ রয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ জহিরুল হক জানান, উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সময় খাতায় পাওয়া নম্বরের সঙ্গে প্রকাশিত ফলের অমিল ধরা পড়ে। এরপর বোর্ডের পক্ষ থেকে অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয় এবং ওই শিক্ষার্থীর ফল স্থগিত করা হয়। পরে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় মামলা দায়ের করা হয়।
বিভি/টিটি













মন্তব্য করুন: