ফটিকছড়িতে সন্ত্রাসী রায়হানের অস্ত্র তৈরির কারখানার সন্ধান, গ্রেফতার ৬
ছবি: শীর্ষ সন্ত্রাসী রায়হান
চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পাওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রায়হানের আশ্রয়দাতা ও পিস্তলের জিম্মা গ্রহণকারীসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
এর আগে মঙ্গলবার রাতে বিশেষ সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিলে শীর্ষ সন্ত্রাসী রায়হানের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায় পুলিশ। তবে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যান রায়হান। পালানোর সময় তার এলোপাতাড়ি গুলিতে স্থানীয় তিনজন গুলিবিদ্ধ হন।
অভিযানের পরদিন বুধবার সকালে শীর্ষ সন্ত্রাসী রায়হান নিজেই অভিযান পরিচালনাকারী হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজকে ফোন করেন। এ সময় তিনি পুলিশ তাকে ধরতে পারবে না বলে চ্যালেঞ্জ জানান। জবাবে ওই পুলিশ কর্মকর্তা তাকে আত্মসমর্পণের পরামর্শ দিলে রায়হান বিষয়টি ভেবে দেখবেন বলে জানান।
পুলিশ কর্মকর্তা তারেক আজিজের সঙ্গে রায়হানের মুঠোফোনে প্রায় ১০ মিনিটের ওই কথোপকথনের অডিও ক্লিপ বুধবার দুপুরে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন শীর্ষ সন্ত্রাসী রায়হান।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: