একদিনেই সিদ্ধান্ত বদল, বাড়ছে না টিসিবির চিনির দাম
ফাইল ছবি
টিসিবির চিনির দাম বাড়ানোর একদিনের মধ্যে সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম জানিয়েছেন, ভুলবশত দাম বাড়ানো হয়েছিল। রোজায় সাধারণ মানুষের কথা চিন্তা করে আগের দামেই বিক্রি হবে টিসিবির চিনি। ফলে ১০০ টাকা নয়, প্রতি কেজি চিনি বিক্রি হবে ৭০ টাকায়।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে তেজগাঁওয়ে কলোনি বাজার পলিটেকনিক মাঠে মার্চ মাসের টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
প্রতি মাসেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য দিচ্ছে সরকার। দীর্ঘদিন ধরেই টিসিবির মাধ্যমে ৭০ টাকা দরে চিনি বিক্রি করা হচ্ছে। কিন্তু হঠাৎ করে গেলো বুধবার চিনির দাম এক লাফে ৩০ টাকা বাড়িয়ে ১০০ টাকা নির্ধারণ করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবি। এ নিয়ে সমালোচনা হয় বিভিন্ন মহলে। এর একদিন পরই দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের ঘোষণা দিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী
বাজারে চিনির পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রমজানে পণ্যটির সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, নিত্যপণ্যের দাম নিয়ে কোনো ধরনের কারসাজির সুযোগ দেয়া হবে না। মধ্যসত্ত্বভোগীরা বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান বাণিজ্যপ্রতিমন্ত্রী।
তিনি বলেন, পুলিশ নজরদারি দিয়ে দাম নিয়ন্ত্রণ নয়, বরং নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে চায় বাণিজ্য মন্ত্রণালয়। সহসাই টিসিবির কার্ডধারীদের তথ্য হালনাগাদ করা হবে বলেও জানান আহসানুল ইসলাম।
বিভি/এজেড













মন্তব্য করুন: