যৌক্তিক করারোপে তামাক থেকে বাড়তি রাজস্ব আসবে ১০ হাজার কোটি টাকা
স্বাস্থ্যক্ষতি বিবেচনায় বিশ্বে তামাকের ব্যবহার দিন দিন কমলেও এর ঠিক উল্টো চিত্র বাংলাদেশে। গেলো ২/৩ বছরেও দেশে দেশে তামাকের ব্যবহার বেড়েছে। কিন্তু সেই তুলনায় রাজস্ব আয় বাড়েনি। এমন তথ্যই তুলে ধরলেন বিশ্ব বাণিজ্য সংস্থা-ডব্লিউএইচও’র হেলথ প্রমোশন ডিপার্টমেন্টের ইকোনমিস্ট ড. মিশেল স্টকলোসা। অন্য বিশেষজ্ঞরাও বলছেন, তামাক পণ্যের ওপর কার্যকরভাবে কর আরোপ করা হলে রাজস্ব আয় বাড়বে অন্তত ১০ হাজার কোটি টাকার।
সোমবার (১ এপ্রিল) রাজধানীতে “তামাক কর ও মূল্য পদক্ষেপ: বাজেট ২০২৪-২৫” শীর্ষক কর্মশালায় এসব তথ্য তুলে ধরেন বিশ্লেষকরা। কর্মশালায় মূল উপস্থাপনা তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের ন্যাশনাল প্রফেশনাল অফিসার (এনসিডি) ডা. সৈয়দ মাহফুজুল হক এবং প্রজ্ঞা’র তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রকল্প প্রধান হাসান শাহরিয়ার। এতে বলা হয়, তামাকবিরোধীদের কর ও মূল্য প্রস্তাব বাস্তবায়ন করা হলে ১০ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় সম্ভব। বর্ধিত এ রাজস্ব চলমান আর্থিক সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একইসাথে দীর্ঘমেয়াদে প্রায় পাঁচ লাখ তরুণসহ মোট এগার লাখের অধিক মানুষের অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে। কমবে, তামাকের ব্যবহার। সেইসাথে কমবে তামাকজনিত রোগে সরকারের চিকিৎসা ব্যয় কমবে।
আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে তামাকপণ্যের দাম বাড়িয়ে বিশেষ করে নিম্নস্তরের সিগারেটের করহার ও দাম বাড়িয়ে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যেতে হবে। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) যৌথভাবে কর্মশালাটি আয়োজন করে। এতে জানানো হয়, বাংলাদেশে সবধরনের তামাকপণ্য অত্যন্ত সস্তা এবং নিত্যপণ্যের তুলনায় এগুলো আরো সস্তা হয়ে পড়ছে। বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ৮৯ শতাংশ পর্যন্ত বাড়লেও বিভিন্ন স্তরের সিগারেটের দাম বেড়েছে মাত্র ৬ শতাংশ থেকে ১৫ শতাংশ।
তাদের প্রস্তাব, নিম্ন স্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা নির্ধারণ করে ৬৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা। মধ্যম স্তরে ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ৬৭ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা, উচ্চ স্তরে ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১১৩ টাকা থেকে ১৩০ টাকা এবং প্রিমিয়াম স্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করা। এই তিনটি স্তরে সম্পূরক শুল্ক ৬৫ শতাংশ বহাল রাখা। একইভাবে বিড়ি, জর্দার দামও বাড়ানো। এছাড়া সকল তামাকপণ্যের খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখার সুপারিশ তাদের।
অনুষ্ঠানে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) এর প্রোগ্রাম ম্যানেজার আব্দুস সালাম, অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স- আত্মা’র কনভেনর লিটন হায়দার, কো-কনভেনর মিজান চৌধুরী এবং প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বক্তব্য রাখেন।
উল্লেখ্য, তামাক ব্যবহারজনিত রোগে প্রতিবছর ১ লক্ষ ৬১ হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করেন। ২০১৭-১৮ অর্থবছরে তামাক ব্যবহারের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৩০ হাজার ৫৬০ কোটি টাকা, যা একই সময়ে তামাকখাত থেকে অর্জিত রাজস্ব আয়ের (২২ হাজার ৮১০ কোটি টাকা) চেয়ে অনেক বেশি।
বিভি/এজেড













মন্তব্য করুন: