• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে কমলো তেলের দাম, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

প্রকাশিত: ১৮:২২, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বিশ্ববাজারে কমলো তেলের দাম, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

ইরানকে ঘিরে চলমান যুদ্ধের অবসানের সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্ববাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। গত আগস্টের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে এসেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৬৬ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে তেলের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ২ দশমিক ৩ শতাংশ। এতে প্রতি ব্যারেল তেলের দাম নেমে এসেছে ৮৪ দশমিক ৮৬ ডলারে। সাম্প্রতিক কয়েকটি লেনদেনেও আন্তর্জাতিক বাজারে তেলের দরপতনের প্রবণতা দেখা গেছে।

ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৯ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে তার অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে ইরানকে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কথা হয়েছে।

গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণা করা হচ্ছিল, চলতি মাসেই ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু করতে পারেন ট্রাম্প। যদিও তিনি এ সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি, তবে সাম্প্রতিক সময়ে সামরিক পদক্ষেপের বিষয়ে তার অবস্থানে কিছুটা নমনীয়তা দেখা যাচ্ছে।

সোমবারের পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তবে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ মিত্ররা বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে অবস্থান নেওয়ায় ইরানে নতুন করে হামলার সম্ভাবনা খুবই কম বলে মনে করেন তিনি।

এর আগে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারেও একই ধরনের মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেছিলেন, ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা ‘খুবই কম’।

তথ্যসূত্র: আল জাজিরা

বিভি/টিটি

মন্তব্য করুন: