আসছে নতুন নকশার ২ নোট, পাওয়া যাবে কবে?
চলতি সপ্তাহেই বাজারে আসতে পারে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট। প্রয়োজনীয় নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থা নিশ্চিত করে নোট দুটি বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে ১০০ টাকার নোটের নকশায় আপাতত কোনো পরিবর্তন আসছে না।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত সপ্তাহেই নতুন নকশার নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল কেন্দ্রীয় ব্যাংকের। তবে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে নোট পরিবহনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে নির্ধারিত সময়ে বাজারে নোট ছাড়ার কার্যক্রম পিছিয়ে যায়।
কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, চলতি সপ্তাহে নিরাপত্তা ও পরিবহনসংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ হলে নতুন নোট বাজারে সরবরাহ শুরু হবে। প্রথমে এসব নোট কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছাবে। পরে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন নোট ছাপানো ও বাজারে সরবরাহের পুরো প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ। প্রতিটি নোট ছাপাতে প্রায় ছয় মাস সময় লাগে। এ ছাড়া আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে নোট তৈরির প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহে ঘাটতি থাকায় নির্ধারিত সময়ে ছাপানোর কাজ শেষ করা সম্ভব হয়নি।
এদিকে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট বাজারে এলেও ১০০ টাকার নোট আগের নকশাতেই থাকছে। আপাতত এই নোটের নকশা পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিভি/টিটি













মন্তব্য করুন: