অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত করতে দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যে অর্থনৈতিক অগ্রগতির দিকে দেশ এগিয়ে যাচ্ছে সেটাকে ব্যাহত করার জন্য ইতিমধ্যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার শুরু হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এই দুর্বৃত্তরা বিগত দিনে বাংলাদেশকে লুটপাট করে গেছে। সেই লুটপাটের মাশুল এখনো বাংলাদেশের মানুষকে দিতে হচ্ছে। তারা চায় না বাংলাদেশ উন্নয়নের শীর্ষে পৌঁছাক,বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হোক। তাই দেশের অর্থনৈতিক উন্নয়নে যার যার অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে। যেসব দুর্বৃত্ত বাংলাদেশের অর্থনীতিকে বাধাগ্রস্থ করতে চাচ্ছে তাদের প্রতিহত করার আহ্বান জানান তিনি।
এসময় অর্থমন্ত্রী আরো বলেন, চট্টগ্রাম বিমানবন্দরকে কার্যকরীভাবে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দিতে খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে। চট্টগ্রাম বিমানবন্দরকে লজিস্টিক হাব করা হবে উল্লেখ করে বলেন,কার্গো ভিলেজের পাশাপাশি কোল্ড চেইনের জন্য আলাদা স্টোরেজ হবে চট্টগ্রাম বিমানবন্দরে।
দেশে যে বিদ্যুত ও গ্যাসের সংকট রয়েছে তা সমাধানে সরকার কাজ শুরু করেছে জানিয়ে অর্থমন্ত্রী আরো জানান,এসব সেক্টরে কাজ করতে বিদেশী কোম্পানী এরইমধ্যে দেশে এসেছে। আগামী দুই বছরের মধ্যে গ্যাসের সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি।
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত সরকারের দুর্নীতি, লুটপাট ও ঋণের কারণে এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশের অর্থনীতি যে গভীর খাদের মধ্যে পড়েছে তারপরও সরকার সাহস করে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প হাতে নিয়েছে। আর এই সাহস সরকার পেয়েছে কারণ বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার।
পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মাসব্যাপী চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী।
এসময় সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মো: আমিরুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিভি/এসপি/এজেড













মন্তব্য করুন: