গবেষণা ও বুদ্ধিবৃত্তিক চর্চায় দীর্ঘমেয়াদি হুমকি
চাকরির বাজারে প্রযুক্তি ও বিজনেস গ্র্যাজুয়েটদের দাপট, নীতি-নির্ধারণ ও গবেষণায় শূন্যতার ঝুঁকি
চাকরির বাজারে দ্রুত কর্মসংস্থানের সুযোগ ও করপোরেট চাহিদার কারণে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকৌশল, প্রযুক্তি ও বাণিজ্যভিত্তিক বিষয়ের কদর দিন দিন বাড়ছে। তবে এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে কলা ও মানবিক অনুষদগুলোতে। কর্মমুখী শিক্ষার দাপটে মানবিক ও সামাজিক বিজ্ঞানের মৌলিক বিষয়গুলোতে শিক্ষার্থী ভর্তির হার ক্রমাগত কমছে।
বিজ্ঞান ও বাণিজ্যের দিকে মেধাবীদের এই একমুখী ঝুঁকে পড়ার কারণে দর্শন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান কিংবা সমাজবিজ্ঞানের মতো মৌলিক চর্চার জায়গাগুলো সঙ্কুচিত হচ্ছে, যা দীর্ঘমেয়াদে দেশের নীতি-নির্ধারণ, সামাজিক গবেষণা ও বুদ্ধিবৃত্তিক অগ্রগতির ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, দেশের ১০৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মোট ৩ লাখ ৫৮ হাজার শিক্ষার্থীর মধ্যে সিংহভাগই প্রকৌশল, প্রযুক্তি ও ব্যবসায় শিক্ষার অনুষদগুলোতে নিবন্ধিত।
করপোরেট চাহিদা ও কর্মসংস্থানের দৌড়ে প্রযুক্তি ও বাণিজ্য শিক্ষা
ইউজিসির তথ্যমতে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকৌশল ও প্রযুক্তিভিত্তিক বিষয়ে অধ্যায়ন করছেন সর্বোচ্চ ৪৩.১৭% শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষাকে বেঁছে নিয়েছেন ২২.৫৬% শিক্ষার্থী। এসব বিভাগের গ্র্যাজুয়েটরা দেশের উদীয়মান সফটওয়্যার শিল্প, আইটি সেক্টর, ই-কমার্স, বহুজাতিক প্রতিষ্ঠান ও ব্যাংকিং খাতের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছেন। দ্রুত পরিবর্তনশীল বাজারের সাথে খাপ খাইয়ে বাস্তবমুখী দক্ষতা এবং সেশনজটমুক্ত দ্রুত গ্র্যাজুয়েশনের সুবাদে তারা ‘এন্ট্রি-লেভেল’ চাকরিতে কর্পোরেট খাতের একটি বড় অংশ দখল করে নিচ্ছেন, যা জাতীয় অর্থনীতি ও শিল্পায়নে সরাসরি গতি আনছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ-এর গ্র্যাজুয়েট ট্র্যাকার স্টাডি ও বিভিন্ন এমপ্লয়ার্স সার্ভে অনুযায়ী, বেসরকারি খাতে প্রযুক্তিভিত্তিক দক্ষতা, ইংরেজি ভাষা এবং বিজনেস অ্যানালিটিক্স জানা শিক্ষার্থীদের চাহিদা সবচেয়ে বেশি। ফলে শিক্ষার্থীরা বাধ্য হয়েই সেসব বিষয় বেছে নিচ্ছেন, যেখানে চাকরি পাওয়ার নিশ্চয়তা রয়েছে। তবে এই কর্মসংস্থানের নিশ্চয়তাই বৈষম্যের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বেসরকারিতে ‘শুদ্ধ মানবিকে’ আকাল, সীমিত প্রয়োগমুখী বিষয়ে
পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যার ওঠানামা হলেও মানবিক অনুষদে ভর্তির হার সার্বিকভাবে নিম্নমুখী। ২০১৯ সালে যেখানে বেসরকারিতে মানবিক ও কলা অনুষদের শিক্ষার্থী ছিল প্রায় ১২ শতাংশ, বর্তমানে তা নেমে এসেছে ১০.৯৪ শতাংশে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদে অধ্যয়নরত এই ১০.৯৪ শতাংশ শিক্ষার্থীর বড় অংশই আবার নির্দিষ্ট দু-একটি প্রয়োগমুখী বিষয়ে সীমাবদ্ধ। মানবিক অনুষদের মোট শিক্ষার্থীর প্রায় ৫৮ থেকে ৬০ শতাংশ ভর্তি হন ইংরেজি বিভাগে। বাকি একটি বড় অংশ পড়েন মিডিয়া, জার্নালিজম ও সোশ্যাল কমিউনিকেশনের মতো প্রয়োগমূলক বিষয়গুলোতে। ফলে শুদ্ধ মানবিক শাখা যেমন—দর্শন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা বা প্রত্নতত্ত্বের মতো বিষয়গুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় অনুপস্থিত বললেই চলে। হাতেগোনা কয়েকটি বিশ্ববিদ্যালয় ব্যতীত সিংহভাগ বেসরকারি প্রতিষ্ঠানই চাহিদার অভাবে এসব বিভাগ পরিচালনা করছে না বা চালু করতে আগ্রহী হচ্ছে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এসব বিষয়ের চর্চা না থাকায় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়েও মানসম্মত গবেষণার সুযোগ সীমিত হওয়ায় সামাজিক গবেষণার ক্ষেত্র দুর্বল হয়ে পড়ছে।
নীতি-নির্ধারণ ও গবেষণায় সম্ভাব্য শূন্যতা
অর্থনৈতিক ও টেকনিক্যাল খাতের প্রবৃদ্ধি সাধনে কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তবে মৌলিক মানবিক ও সামাজিক বিজ্ঞানের চর্চা যেভাবে দিন দিন সংকুচিত হচ্ছে, তাতে দীর্ঘমেয়াদে দেশ এক গভীর বুদ্ধিবৃত্তিক সংকটে পড়তে পারে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনেকে।
আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অ্যাকাউন্টিং এন্ড সোশ্যাল সায়েন্স ডিভিশনের প্রভাষক মায়িশা তাসনিম বলেন, “পড়াশোনা শেষে কর্মক্ষেত্রে প্রবেশের বিষয়টি বিবেচনা করলে দেখা যায়, প্রযুক্তি ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা পাচ্ছেন। এসব খাতে বাজারের ব্যাপ্তি বড় হওয়ায় এবং দ্রুত পরিবর্তনশীল করপোরেট চাহিদার কারণে দক্ষ কর্মীর প্রয়োজনীয়তাও বেশ বেশি। ফলে ভবিষ্যৎ কর্মজীবনের নিশ্চয়তা ও চাকরির বাজারের এমন স্পষ্ট চাহিদা দেখে অনেক শিক্ষার্থী স্বাভাবিকভাবে এসব বিষয় বেছে নিচ্ছেন। কিন্তু একটি সমাজে নির্দিষ্ট পেশাভিত্তিক গ্র্যাজুয়েটের পাশাপাশি এমন গ্র্যাজুয়েটও প্রয়োজন যারা সামাজিক জ্ঞান, নীতি নির্ধারণের সক্ষমতা, প্রাতিষ্ঠানিক বোধ এবং মানবসম্পদ উন্নয়নে অবদান রাখেন। তাই, কলা ও সামাজিক বিজ্ঞান থেকে পাশ করা গ্র্যাজুয়েটদের সরাসরি চাকরি পাওয়ার হার কম হওয়া মানেই এসব বিষয়ের সামাজিক বা অর্থনৈতিক মূল্য কম—এমনটা মনে করার সুযোগ নেই।”
প্রযুক্তি ও বাণিজ্যের গ্র্যাজুয়েটরা কারিগরি ও ব্যবসায়িক দিক সমাধানে দক্ষ হলেও, একটি সামাজিক রাষ্ট্র পরিচালনার জন্য যে মানবিক মূল্যবোধ, নৈতিক বিশ্লেষণ এবং ঐতিহাসিক দূরদর্শিতার প্রয়োজন হয়, তার যোগান দেয় কলা অনুষদ। এ খাতে মেধাবীদের অংশগ্রহণ কমে যাওয়ায় জাতীয় নীতি-নির্ধারণে দূরদর্শিতার অভাব দেখা দিতে পারে। এছাড়া বর্তমান বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডাটা সায়েন্সের যুগে 'এথিক্যাল এআই' বা প্রযুক্তির মানবিক প্রভাব পর্যালোচনার জন্য বিশ্বজুড়ে সমাজবিজ্ঞানীদের কদর বাড়ছে।
শিক্ষাবিদদের মতে, কর্মমুখী শিক্ষা ও মানবিক শিক্ষার মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখা জরুরি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল বাজারের তাৎক্ষণিক চাহিদা মেটানোর 'চাকরি তৈরির কারখানা' না বানিয়ে, সমাজ ও রাষ্ট্রের পূর্ণাঙ্গ বিকাশে কলা ও সামাজিক বিজ্ঞানের বিষয়গুলোতে গবেষণা ফান্ডিং এবং বৃত্তি দিয়ে মেধাবীদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। অন্যথায় এসব খাতে মেধাবীদের আনুপাতিক অনুপস্থিতি দীর্ঘমেয়াদে নীতি- নির্ধারণ, নীতিশাস্ত্র ও বুদ্ধিবৃত্তিক সামাজিক গবেষণায় এক ধরণের গভীর শূন্যতা তৈরি করতে পারে।
বিভি/এমএফআর













মন্তব্য করুন: