বাংলাদেশ গণিত সমিতির নেতৃত্বে জবির তিন শিক্ষক
বাংলাদেশ গণিত সমিতির (Bangladesh Mathematical Society—BMS) কার্যনির্বাহী পরিষদ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের তিন শিক্ষক। তাদের মধ্যে একজন সমিতির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্য দুজন কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি সমিতির প্রকাশনা, গবেষণা ও শিক্ষার্থীদের গণিতচর্চা সম্প্রসারণসংক্রান্ত কার্যক্রমেও যুক্ত হয়েছেন তারা।
দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে অধ্যাপক ড. মো. রেজাউল করিম বাংলাদেশ গণিত সমিতির কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি (Vice-President) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া তাকে সমিতির ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা (AGM) ও পুনর্মিলনী আয়োজনের আহ্বায়ক করা হয়েছে।
অন্যদিকে, অধ্যাপক ড. মোস্তাক আহমেদ কার্যনির্বাহী পরিষদের সদস্য হওয়ার পাশাপাশি সমিতির বুলেটিন এডিটোরিয়াল বোর্ডের প্রধান সম্পাদক (Chief Editor) হিসেবে দায়িত্ব পেয়েছেন। একই পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার। তিনি বুলেটিন এডিটোরিয়াল বোর্ড এবং ন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট ম্যাথমেটিক্স অলিম্পিয়াডের (NUMO) কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।
নতুন দায়িত্ব ও আসন্ন আয়োজন নিয়ে অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “বাংলাদেশ গণিত সমিতির আসন্ন বার্ষিক সাধারণ সভা (AGM) ও পুনর্মিলনী ২০২৬ দেশের প্রবীণ ও নবীন গণিতবিদদের এক অনন্য মিলনমেলায় পরিণত হবে। এই আয়োজনের মাধ্যমে আমাদের পারস্পরিক মেলবন্ধন আরও সুদৃঢ় হবে এবং গণিত গবেষণার ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব।”
সমিতির প্রকাশনা ও গবেষণামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ড. মোস্তাক আহমেদ বলেন, “বাংলাদেশ গণিত সমিতির বর্তমান উদ্যোগ ও গবেষণাধর্মী কার্যক্রমগুলো বুলেটিনের মাধ্যমে দেশের প্রতিটি গণিতপ্রেমীর মাঝে ছড়িয়ে দিতে আমরা কাজ করছি। এর ফলে গণিতচর্চার পরিধি যেমন বৃদ্ধি পাবে, তেমনি তরুণ প্রজন্ম সমিতির কার্যক্রমের সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত হওয়ার অনুপ্রেরণা পাবে।”
শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহী করে তোলার বিষয়ে অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার বলেন, “ন্যাশনাল আন্ডারগ্রাজুয়েট ম্যাথমেটিক্স অলিম্পিয়াড (NUMO)-এর মাধ্যমে দেশের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গণিত সমিতি কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো এই অলিম্পিয়াডকে সারা দেশে আরও জনপ্রিয় করা, যাতে মেধাবী তরুণেরা গণিতচর্চায় উদ্বুদ্ধ হয়ে বিশ্বমানের গবেষক হিসেবে গড়ে উঠতে পারে।”
উল্লেখ্য, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ গণিত সমিতি দীর্ঘদিন ধরে দেশে গণিত শিক্ষা, গবেষণা ও চর্চার প্রসারে কাজ করছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্মেলন, সেমিনার ও কর্মশালা আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে সংগঠনটি।
বিভি/এজেড













মন্তব্য করুন: