• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ভর্তি পরীক্ষার জন্য ছুটি বাতিল, জবি প্রশাসনের সিদ্ধান্তে শিক্ষার্থীদের ক্ষোভ

রিফাত হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৭:৪৮, ১৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:৪৮, ১৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ভর্তি পরীক্ষার জন্য ছুটি বাতিল, জবি প্রশাসনের সিদ্ধান্তে শিক্ষার্থীদের ক্ষোভ

ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শীতকালীন ছুটি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি শীতের ছুটি রমজান মাসে স্থানান্তরের বিষয়টিও তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তাই পূর্বনির্ধারিত সময়ে শীতকালীন ছুটি বহাল রাখার দাবি জানিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সিন্ডিকেটের সিদ্ধান্তে চলতি বছরের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, বাতিল হওয়া ছুটি পরবর্তী পবিত্র রমজান মাসের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে।

এ সিদ্ধান্ত প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। তাদের মতে, শীতকালীন অবকাশ কেবল একাডেমিক কার্যক্রম থেকে বিরতি নয়; বরং পরিবারের কাছে ফেরার এবং দীর্ঘ সময় পর স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার অন্যতম সুযোগ। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়তে আসা শিক্ষার্থীদের কাছে এ ছুটির বিশেষ গুরুত্ব রয়েছে। অন্য সময়ে ছুটি স্থানান্তর করা হলে সেই সুযোগ থেকে অনেকেই বঞ্চিত হবেন।

শিক্ষার্থীরা আরও বলছেন, শীত মৌসুমে দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের ব্যক্তিগত টিউশনিও সাধারণত বন্ধ থাকে। ফলে এ সময় বাড়িতে ফেরার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যায়। পাশাপাশি শীতের পিঠা-পুলি, পারিবারিক অনুষ্ঠান ও গ্রামীণ নানা উৎসবের সঙ্গে এ ছুটির আবেগ জড়িয়ে রয়েছে। রমজান মাসে ছুটি দেওয়া হলেও শীতকালীন অবকাশের এসব অভিজ্ঞতা পাওয়া সম্ভব হবে না বলে মনে করছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব বলেন, ‘শীতকালে সবার ছুটি থাকার কারণে টিউশনি থাকে না। তাই প্রায় সবাই গ্রামে যায় এবং পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কীভাবে এই ছুটি বাতিল করে? কোনো শিক্ষার্থী কিংবা তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না করে হুট করে সিদ্ধান্ত নেওয়া স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। আমি মাননীয় উপাচার্য স্যারকে বলব, সিদ্ধান্তটি আবার পুনর্বিবেচনা করুন। শীতের ছুটি গরমকালে দিয়ে আমরা কী করব?’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দেওয়া উচিত। কিন্তু তাদের সঙ্গে আলোচনা না করে প্রশাসনের একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। তর মতে, শীতকালীন ছুটি শীতকালেই রাখা প্রয়োজন। ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের ওপর থাকায় এর জন্য সাধারণ শিক্ষার্থীদের ছুটি বাতিল করাকে যৌক্তিক মনে করেন না তিনি।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, ‘শিক্ষার্থীদের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে আলোচনা করা দরকার। আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি, অথচ আমাদেরও এ বিষয়ে কিছু জানানো হয়নি। আমি ফেসবুকেই সিদ্ধান্তের বিষয়টি জানতে পেরেছি। এর আগেও প্রশাসন এ ধরনের কাজ করেছে। শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা না করেই নিজেদের মতো সিদ্ধান্ত নিয়েছে। আমরা এ বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলব। তাদের এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’

শিক্ষার্থীদের দাবি, ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। তবে এর দায় সাধারণ শিক্ষার্থীদের ওপর চাপিয়ে তাদের স্বাভাবিক সুযোগ-সুবিধা সংকুচিত করা উচিত নয়। এ অবস্থায় শিক্ষার্থীদের মতামত ও নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে শীতকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তারা।

বিভি/এজেড

মন্তব্য করুন: