চীনের যুব নেতৃত্ববিষয়ক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল
চীন সরকারের আমন্ত্রণে আন্তর্জাতিক যুব নেতৃত্ববিষয়ক কর্মসূচিতে অংশ নিতে দেশটিতে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সহসভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম। ১০ দিনের এ সফরে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
বুধবার (১১ নভেম্বর) রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। আগামী ১২ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশটির বেইজিং ও হেইনান শহরে অনুষ্ঠিত হবে ‘Youth Leadership Program on Building a Community with a Shared Future Among Neighboring Countries 2026’ শীর্ষক কর্মসূচি।
চীন সরকারের সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত এ কর্মসূচির তত্ত্বাবধানে রয়েছে China Foreign Affairs University। এতে বিভিন্ন দেশের তরুণ নেতারা অংশ নেবেন।
কর্মসূচিতে তরুণ নেতৃত্বের বিকাশ, বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে।
সফর সম্পর্কে জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, চীন সরকারের আমন্ত্রণে এ কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া তার জন্য সম্মানের। সফরে বিভিন্ন দেশের তরুণ নেতৃত্বের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নেতৃত্ব ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, সফর থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে দেশের তরুণ সমাজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজে লাগাতে চান।
বিভি/আরএইচ/এজেড













মন্তব্য করুন: