• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ঢাবিতে একের পর এক ককটেল বিস্ফোরণ, নিরাপত্তাকর্মীদের জরুরি নির্দেশনা

প্রকাশিত: ১৬:৪৫, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৪৯, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ঢাবিতে একের পর এক ককটেল বিস্ফোরণ, নিরাপত্তাকর্মীদের জরুরি নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা কয়েক দিন ককটেল বিস্ফোরণ ও নিরাপত্তাহীন পরিস্থিতির পর ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে কঠোর নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিরাগতদের অনিয়ন্ত্রিত চলাচল, চুরি ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে সব অনুষদ, হল, ইনস্টিটিউট, একাডেমিক ও প্রশাসনিক ভবনসহ আবাসিক এলাকার নিরাপত্তাকর্মীদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফার সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়ে যাওয়ায় ক্যাম্পাসের ভেতরে চুরি ও বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। একই সঙ্গে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের কর্মশৈথিল্যও লক্ষ্য করা যাচ্ছে। এ পরিস্থিতিতে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে নিরাপত্তাপ্রহরীদের নির্ধারিত পোশাক পরিধান করে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে নিরাপত্তাকর্মীদের চারটি বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। নির্দেশনাগুলো হলো—

১. সব নিরাপত্তাপ্রহরীকে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।

২. দায়িত্বপ্রাপ্ত অন্য ব্যক্তিকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে কর্মস্থল ত্যাগ করা যাবে না। পরবর্তী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যথাসময়ে উপস্থিত না হলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।

৩. ক্যাম্পাসে বহিরাগতদের চলাচলের ওপর সতর্ক দৃষ্টি রাখতে হবে।

৪. কোনো সন্দেহভাজন ব্যক্তি বা সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট অফিসপ্রধান, প্রক্টর অফিস অথবা এস্টেট ম্যানেজারকে অবহিত করতে হবে।

উল্লেখ্য, গত রবিবার থেকে টানা তিন দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), সিনেট ভবন ও প্রশাসনিক ভবনের পাশসহ বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে গত মঙ্গলবার দুপুরে ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে ককটেল বিস্ফোরণে এক শিক্ষকের ব্যক্তিগত গাড়িচালক গুরুতর আহত হন। এসব ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ক্যাম্পাসে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রাথমিক সত্যতা পাওয়ায় ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। এছাড়া সার্বিক নিরাপত্তা জোরদারে ক্যাম্পাসের ছয়টি প্রবেশপথে চেকপোস্ট স্থাপন এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানোর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব পদক্ষেপের ধারাবাহিকতায় এবার নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনে কঠোর নির্দেশনা জারি করলো এস্টেট অফিস।

বিভি/অনলাইন/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত