• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল চালু

শরীফুল ইসলাম, বেরোবি

প্রকাশিত: ১৬:৫৩, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল চালু

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে চালু হয়েছে ই-বুক ও ই-জার্নাল সেবা। প্রায় ১ কোটি ৩২ লাখ টাকার বেশি ব্যয়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে এই সেবা চালু করা হয়েছে। একই সঙ্গে লাইব্রেরির তৃতীয় তলার বর্ধিত অংশেরও উদ্বোধন করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী কেন্দ্রীয় লাইব্রেরির সদস্যপদ গ্রহণ করেন।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে এসব কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে কেন্দ্রীয় লাইব্রেরির পরিচালক ও গ্রন্থাগারিক ড. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং উপগ্রন্থাগারিক আব্দুস সামাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, তিনটি হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক, বেরোবি শাখা ছাত্রদলের নেতারা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

লাইব্রেরির উন্নয়ন কার্যক্রমের বিষয়ে পরিচালক ও গ্রন্থাগারিক ড. মো. মনিরুজ্জামান বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই লাইব্রেরির সেবার মান বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি। বই কেনা, ই-রিসোর্স সংযোজন, অটোমেশন কার্যক্রম শুরু, পত্রিকা বাঁধাই ও সংরক্ষণ, আউটডোর ওয়াশরুম ও গ্যারেজ নির্মাণ এবং ভবন সম্প্রসারণের কাজের মাধ্যমে লাইব্রেরিটিকে শিক্ষার্থীবান্ধব করে তোলার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, উপাচার্যসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা ছাড়া এসব উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব হতো না।

অনুষ্ঠানে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, উপাচার্যের দিকনির্দেশনা এবং লাইব্রেরি প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় কেন্দ্রীয় লাইব্রেরিতে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। বই, ই-বুক ও ই-জার্নাল সংযোজন থেকে শুরু করে অটোমেশন ও অবকাঠামোগত উন্নয়ন; সব মিলিয়ে এসব উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক পরিবেশকে আরও সমৃদ্ধ করেছে।

উদ্বোধন ও পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী সন্তোষ প্রকাশ করে বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত প্রাণকেন্দ্র হলো তার লাইব্রেরি। শিক্ষার্থীরা যাতে নিরিবিলি, আধুনিক ও প্রযুক্তিনির্ভর পরিবেশে পড়াশোনা ও গবেষণা করতে পারেন, সে বিষয়ে বর্তমান প্রশাসন সব সময় গুরুত্ব দিয়ে আসছে। লাইব্রেরির এই আমূল পরিবর্তন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার পথ আরও সুগম করবে।

উল্লেখ্য, প্রায় ১ কোটি ৩২ লাখ টাকার বেশি ব্যয়ে বাস্তবায়নাধীন আধুনিকায়ন প্রকল্পের আওতায় নতুন বই ও ই-রিসোর্স সংগ্রহ, লাইব্রেরি অটোমেশন, পুরোনো পত্রিকা বাঁধাই ও সংরক্ষণ, ভবন সম্প্রসারণ, ইন্টারনেট ও নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার কাজ করা হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এসব উদ্যোগের ফলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণা ও জ্ঞানচর্চায় আরও বেশি সুযোগ পাবেন এবং একাডেমিক কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে।

বিভি/বেরোবি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত