তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জবিতে জায়নামাজ-টুপি বিতরণ
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দোয়া মাহফিল ও ধর্মীয় সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শাখা ছাত্রদলের ২য় যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় মসজিদের মুসল্লিদের মধ্যে জায়নামাজ, তসবিহ ও টুপি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম। এ ছাড়া শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান আসলাম বলেন, রাজনীতি কেবল ক্ষমতা কিংবা পদ-পদবির বিষয় নয়; মানুষের কল্যাণে কাজ করা এবং মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। ধর্মীয় ও মানবিক উদ্যোগ গ্রহণের জন্য তিনি মোস্তাফিজুর রহমান রুমিকে ধন্যবাদ জানান। পাশাপাশি শিক্ষা, ঐক্য, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ছাত্রদলের নেতাকর্মীদের মানুষের পাশে থাকার আহ্বান জানান।
কর্মসূচির উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান রুমি বলেন, তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে মুসল্লিদের মধ্যে ধর্মীয় সামগ্রী বিতরণের মাধ্যমে মানবিক ও সামাজিক দায়িত্ব পালনের ক্ষুদ্র প্রয়াস নেওয়া হয়েছে। মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতির অন্যতম প্রধান উদ্দেশ্য বলেও উল্লেখ করেন তিনি।
কর্মসূচির শেষ পর্যায়ে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
বিভি/আরএইচ/এজেড













মন্তব্য করুন: