• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ

বাসস

প্রকাশিত: ১২:১০, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:১০, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ

প্রতীকী ছবি

দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে পড়ুয়া সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে এসব প্রতিষ্ঠানের ছাত্রীদের জন্য সর্বজনীনভাবে ১০০ শতাংশ উপবৃত্তি চালু হতে যাচ্ছে। তবে ছাত্রদের ক্ষেত্রে আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম চলবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ সরাসরি তাদের অথবা অভিভাবকের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হবে। এ জন্য প্রয়োজনীয় হিসাব খোলার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

গত ১৮ নভেম্বর ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেন।

নির্দেশনায় বলা হয়েছে, জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে উপবৃত্তির অর্থ পাঠানো হবে। এ জন্য শিক্ষার্থী বা তার অভিভাবকের নামে যেকোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে।

তবে যেসব ছাত্রীর নাম ইতোমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে অন্তর্ভুক্ত রয়েছে কিংবা যারা এ কর্মসূচির আওতায় উপবৃত্তি পাচ্ছে, তাদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন নেই। উপবৃত্তি না পাওয়া ছাত্রীদের অথবা তাদের অভিভাবকদের নামে হিসাব খুলতে হবে।

যেভাবে পাওয়া যাবে উপবৃত্তির টাকা
নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীর অভিভাবক হিসেবে বাবা অথবা মাকে বিবেচনা করা হবে। তাদের কেউ জীবিত না থাকলে আপন ভাই-বোন, দাদা-দাদি কিংবা নানা-নানির যেকোনো একজন অভিভাবক হতে পারবেন।

বাবা বা মায়ের নামে আগে থেকেই কোনো তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ে অনলাইন হিসাব থাকলে কিংবা নতুন হিসাব খোলা হলে সেটির মাধ্যমে উপবৃত্তির অর্থ নেওয়া যাবে। এ ক্ষেত্রে আবেদনপত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে অভিভাবক হিসেবে উল্লেখ করতে হবে।

বাবা-মা কেউ জীবিত না থাকলে বিকল্প অভিভাবকের নামে তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ে শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবক হিসেবে উল্লেখ করা ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে হবে।

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তি নিতে হলে বাবা অথবা মায়ের মধ্যে অন্তত একজন জীবিত থাকতে হবে। যাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন এবং তার নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে। অর্থাৎ, সিম ও মোবাইল ব্যাংকিং হিসাবের মালিকের পরিচয়পত্র একই হতে হবে।

হিসাব খোলার সময় কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) ফরম পূরণ করে অনলাইনে জমা দিতে হবে। এ নিয়ম অনুসরণ না করলে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না।

কোনো শিক্ষার্থীর বাবা-মা এবং নির্ধারিত বিকল্প অভিভাবকদের কেউ না থাকলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তৃতীয় একজনকে অভিভাবক হিসেবে উল্লেখ করে প্রত্যয়নপত্র দেবেন। তথ্য অন্তর্ভুক্তির সময় ওই প্রত্যয়নপত্র এইচএসপি-এমআইএসে আপলোড করতে হবে। এ ধরনের শিক্ষার্থীরা শুধু নিজেদের নামে তফসিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলে উপবৃত্তির অর্থ নিতে পারবে।

স্কুল ব্যাংকিং হিসাব শিক্ষার্থীর নামেই খুলতে হবে। তবে বয়স ১৮ বছর পূর্ণ হলে এ হিসাব স্থগিত হয়ে যায়। তখন শিক্ষার্থীকে নিজের নামে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব হালনাগাদ করতে হবে।

নতুন প্রতিষ্ঠানও যুক্ত হওয়ার সুযোগ
নির্দেশনায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় আনার বিষয়েও বলা হয়েছে। সাধারণ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমতিপ্রাপ্ত এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) থেকে ইআইআইএন নম্বর পাওয়া প্রতিষ্ঠান এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে পারবে।

এ জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে স্কিম পরিচালকের কাছে আবেদন করতে হবে। আবেদন ফরম ও প্রয়োজনীয় তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিকে, কর্মসূচিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এইচএসপি-এমআইএস সফটওয়্যারে প্রথমবার প্রবেশের জন্য ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে গিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করে ইউজার অ্যাকাউন্ট সক্রিয় করতে বলা হয়েছে।

উপবৃত্তি-সংক্রান্ত কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে [email protected] ঠিকানায় ই-মেইল করে যোগাযোগ করতে হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশনাটি জানানো এবং কার্যক্রম নিবিড়ভাবে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টিকে অতীব জরুরি উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

বিভি/এজেড

মন্তব্য করুন: