• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

উদ্যোক্তা তৈরিতে মাভাবিপ্রবি-বিসিকের চুক্তি, প্রশিক্ষণ শুরু

হাসিব এম প্রিন্স, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৮:৫১, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
উদ্যোক্তা তৈরিতে মাভাবিপ্রবি-বিসিকের চুক্তি, প্রশিক্ষণ শুরু

শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিভাগের ৩০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের ১২তম তলার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় দক্ষ উদ্যোক্তা তৈরি এবং মানসম্মত পণ্য উৎপাদনে সক্ষমতা বাড়াতে হবে। এ জন্য প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কার্যকর বাস্তবায়ন জরুরি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, উদ্যোক্তাদের উদ্যোগের শুরুতে নানা ঝুঁকি ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। মাভাবিপ্রবি ও বিসিকের এ সমঝোতা দক্ষ উদ্যোক্তা তৈরিতে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।

বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, দেশে বিসিকের উদ্যোগে ইতোমধ্যে ৮৪টি শিল্পনগরী গড়ে উঠেছে। সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ ও দক্ষতা থাকলে ক্ষুদ্র উদ্যোগ থেকেও বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। এ প্রসঙ্গে তিনি স্কয়ার, আরএফএল ও হেমকোর মতো প্রতিষ্ঠানের উদাহরণ তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন এবং বিসিকের পক্ষে পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুজ্জামান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এর মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার সুযোগ সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

২১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ। বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোক্তা উন্নয়ন অনুষদ ও মাভাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদ যৌথভাবে এর আয়োজন করেছে। প্রশিক্ষণে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও বাস্তবভিত্তিক ধারণা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

বিভি/ এআই

মন্তব্য করুন: