• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

৪৮ বছরে পদার্পণ, বর্ণিল সাজে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়

তালুকদার হাম্মাদ, ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২০:১৭, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:১৭, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৪৮ বছরে পদার্পণ, বর্ণিল সাজে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়

রাত পোহালেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জন্মদিন। ১৯৭৯ সালের ২২ নভেম্বর এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর পেরিয়েছে ৪৭টি বছর। এবারে ৪৮ বছরে পা রাখতে প্রস্তুত স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে স্থাপিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়টি। ৪৮তম দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অঙ্গনে জ্বলে উঠেছে রংবেরঙের বাতি, শিল্পীর দক্ষ হাতের আল্পনায় সেজেছে পিচঢালা রাস্তাগুলো। লাল-নীল-সোনালি রঙের রঙিন আলোয় উজ্জ্বল হয়েছে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, প্রশাসন ভবন, ভিসি বাংলো, ডায়না চত্বর, প্রতিটি আবাসিক হল ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ।

সরেজমিনে দেখা যায়, ৪৮তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই মেইন গেট, ডায়না চত্বর, প্রশাসন ভবন ও ভবনের সামনের চত্বর এবং আবাসিক হলে জ্বলে ওঠে রংবেরঙের মরিচবাতি। বিভিন্ন স্থাপনার সামনে দাঁড়িয়ে সেলফি ও ছবি তুলতে ব্যস্ত শিক্ষার্থীসহ বেড়াতে আসা লোকজন। বর্ণিল আলোয় উৎফুল্ল শিক্ষার্থীদের মন। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের দেখা যায় দক্ষ হাতে আল্পনায় শেষ মুহূর্তের আঁচড় দিতে। চারদিকের এত আয়োজনের সবকিছুই যেন বলে দিচ্ছে, রাত পোহালেই ১৭৫ একরের ইবির জন্মদিন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে বিভিন্ন বিভাগ, হল, অফিস ও ল্যাবরেটরি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা সমবেত হবেন। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করবেন সংশ্লিষ্ট হলের প্রভোস্টরা। সকাল ১০টায় কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। এ সময় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়া শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হবে।

উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান।

এদিকে আলোচনা শেষে উপাচার্যের নেতৃত্বে কেন্দ্রীয় ফুটবল মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হবে। এতে বিভিন্ন দপ্তর, বিভাগ, হল, রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেবে। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হবে। পরে ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধা নিবেদন করবেন সংশ্লিষ্টরা। পরে র‍্যালিটি প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হবে। সেখানে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়েছে। এ ছাড়া দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিভি/ক্যাম্পাস/পিএইচ

মন্তব্য করুন: