মাভাবিপ্রবি ও পূবালী ব্যাংক কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ ব্যাংকিং সুবিধা দিতে পূবালী ব্যাংক পিএলসির সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আজীবন বিনা বার্ষিক ফিতে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ পাবেন।
রবিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজিই সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন এবং পূবালী ব্যাংক পিএলসির পক্ষে ব্যাংকের হেড অব কার্ড বিজনেস এন. এম. ফিরোজ কামাল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান এবং পূবালী ব্যাংক পিএলসির টাঙ্গাইল আঞ্চলিক প্রধান ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. বেল্লাল হোসেন।
সমঝোতা অনুযায়ী, মাভাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আজীবন বিনা বার্ষিক ফিতে ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ পাবেন। কার্ডটিতে সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত সুদমুক্ত লেনদেন, দেশ-বিদেশে কেনাকাটা ও লেনদেন, বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় বিশেষ ছাড়, নির্বাচিত প্রতিষ্ঠানে কেনাকাটায় ছাড় ও ক্যাশব্যাক এবং কিস্তিতে বিল পরিশোধের সুবিধা রয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুবিধা, বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে প্রবেশ এবং সিলেট ও সৈয়দপুর বিমানবন্দরে পূবালী ব্যাংকের গ্রিন লাউঞ্জ ব্যবহারের সুযোগও থাকছে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিরা বিশ্ববিদ্যালয়ের ইএসআরএম বিভাগের সেমিনার কক্ষে তিন দিনব্যাপী পূবালী ব্যাংকের অস্থায়ী সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক, দপ্তরপ্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া পূবালী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
বিভি/টাঙ্গাইল/পিএইচ













মন্তব্য করুন: