যেমন শিক্ষাক্রম চান শায়খ আহমাদুল্লাহ, দিলেন ১২ প্রস্তাবনা
দেশের শিক্ষাক্রমে ব্যবহারিক ও কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়ানো, অন্তত ৩০ শতাংশ শিক্ষা স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে বাস্তবায়ন এবং মূলধারার শিক্ষায় বাধ্যতামূলক কোরআন শিক্ষা অন্তর্ভুক্তির প্রস্তাব দিয়েছেন ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষার স্বাতন্ত্র্য রক্ষা, পাঠ্যপুস্তকে ইসলামী ও নৈতিক মূল্যবোধের প্রতিফলন এবং পাঠ্যবই প্রণয়নে যোগ্য আলেমদের অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার (২৯ নভেম্বর) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক এক সুধীজন সংলাপ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব প্রস্তাবনা রাখেন তিনি।
নিজের প্রস্তাবনায় কেমন শিক্ষাক্রম হওয়া উচিত, তা তুলে ধরেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। এতে শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক সংস্কারে ১২টি প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।
১। ব্যবহারিক এবং কারিগরি দক্ষতামূলক শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ
বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল পরীক্ষা অনেক ক্ষেত্রেই কেবল খাতা জমা দেওয়া ও আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ হয়ে পড়েছে। শিক্ষার্থীরা ল্যাবে হাতে-কলমে কাজ না করেই প্র্যাকটিক্যাল খাতায় তথ্য ও চিত্র তুলে দিয়ে পরীক্ষা দেয় এবং পূর্ণ নম্বর পেয়ে যায়, যা বাস্তব দক্ষতা অর্জনে সম্পূর্ণ অকার্যকর। প্র্যাকটিক্যাল শিক্ষাকে কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে কীভাবে সত্যিকারের হাতে-কলমে ও বাস্তব জীবনের সাথে যুক্ত করা যায়, শিক্ষাক্রমে সেই কাঠামো ও মূল্যায়ন নিশ্চিত করতে হবে।
সেই সাথে মূলধারার শিক্ষায় কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক শিক্ষাকে অন্তর্ভুক্ত করতে হবে। এতে বেকারত্ব কমানো ও কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে।
প্রসঙ্গত: আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশের বৃহত্তর পরিসরে কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ পরিচালনা করছে। বর্তমানে আমরা ২২টি ডিপার্টমেন্টে নারী ও পুরুষদের জন্য যেসব স্কিল ডেভেলপমেন্টমূলক প্রশিক্ষণ পরিচালনা করছি, তাতে হাজারো বেকার যুবকের কর্মসংস্থান হচ্ছে, তাদের অনেকে হয়ে উঠছেন সফল উদ্যোক্তা। আমরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে ২০২৫ সালে ১৩ কোটি টাকা ব্যয়ে ২১৮৪ মানুষকে প্রশিক্ষণ দিই। এখান থেকে প্রশিক্ষণ গ্রহণকারীরা মাত্র ১২ মাসে ৪২ কোটি টাকা উপার্জন করতে সক্ষম হয়েছে। এটি ব্যবহারিক শিক্ষার জন্য একটি মডেল হতে পারে।
বাংলাদেশে একজন শিক্ষার্থী প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ইংরেজি পড়লেও অনেক ক্ষেত্রেই রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং—এই চারটি মৌলিক ভাষাদক্ষতা অর্জন করতে পারে না। অথচ ইংরেজি শিক্ষার মূল উদ্দেশ্যই হলো শিক্ষার্থীর বাস্তব যোগাযোগ ও ভাষাদক্ষতা গড়ে তোলা। এই ঘাটতি প্রমাণ করে, শেখা ও মূল্যায়নের মধ্যে বড় কোনো ফাঁক রয়ে গেছে। মাদ্রাসার প্রেক্ষাপটে আরবিটাও ঠিক তাই। এজন্য কোনো বিষয় বা মূল্যায়ন কাঠামো যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, সেটি বাস্তবে সেই উদ্দেশ্য পূরণ করতে পারছে কি না—মূল্যায়ন ব্যবস্থায় সেই কার্যকারিতা অবশ্যই বিবেচনায় নিতে হবে।
২। শিক্ষাক্রমের ন্যূনতম ৩০ শতাংশ স্বেচ্ছাসেবাভিত্তিক করা
শিক্ষাক্রমের অন্তত ৩০ শতাংশ স্বেচ্ছাসেবাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন অনুপাতে এ ধরনের সেবামূলক শিক্ষার চর্চা রয়েছে। এর ফলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে যা তাত্ত্বিকভাবে শিখবে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে তা বাস্তবে প্রয়োগের সুযোগ পাবে। যেমন, কৃষি নিয়ে পড়াশোনার পাশাপাশি কৃষিক্ষেত্রে স্বেচ্ছাসেবা, পরিবেশ বিষয়ে পড়ার পর পরিবেশ রক্ষার নানা উদ্যোগে অংশগ্রহণ, আর কারিগরি শিক্ষার্থীদের জন্য কারিগরি প্রতিষ্ঠান বা শিল্পপ্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবা বা ইন্টার্নশিপ।
প্রায় চার কোটি শিক্ষার্থী যখন তাত্ত্বিক পড়াশোনার পাশাপাশি এমন গঠনমূলক কাজে সম্পৃক্ত হবে, তখন তাদের সম্মিলিত অবদানে দেশ উপকৃত হবে। এছাড়া শিক্ষার্থীদের একটি বড় অংশ আজ কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ছে, টিকটক ও সোশ্যাল মিডিয়ায় মূল্যবান সময় নষ্ট করছে। অর্থবহ কাজে যুক্ত না করা গেলে এ প্রবণতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। স্বেচ্ছাসেবাভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের এসব ক্ষতিকর পথ থেকে দূরে রেখে দায়িত্ববোধ, নেতৃত্ব ও নাগরিক চেতনা গড়ে তুলবে।
উল্লেখ্য, ২০২৪-এর প্রলয়ংকরী বন্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশন সর্বসাধারণের সহায়তায় ১৬৪ কোটি টাকার ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে। এই বিপুল কর্মযজ্ঞের পরিচালনা ব্যয় ১ পার্সেন্টেরও কম ছিল। এটি সম্ভব হয়েছে সর্বস্তরের সাধারণ মানুষের স্বেচ্ছাসেবার কারণে। মাত্র ১৩ দিনের ত্রাণ প্যাকেজিং কার্যক্রমে প্রতিদিন দুই শিফটে ৩ হাজার মানুষ অংশগ্রহণ করেন। এতে আমাদের ৪ কোটি সাশ্রয় হয়েছে। বিতরণের কাজেও স্থানীয় ইমাম ও এলাকাবাসীর স্বেচ্ছাসেবা পরিচালনা ব্যয় কমিয়ে আনতে অনেকাংশে ভূমিকা রেখেছে। স্বেচ্ছাসেবার এই শক্তিকে শিক্ষার্থীদের মাধ্যমে নিয়মিত ও সুসংগঠিতভাবে কাজে লাগানো গেলে দেশের জন্য তার সুফল আরও বহুগুণ হবে।
৩। মাদরাসা শিক্ষার স্বাতন্ত্র্য রক্ষা
দেশে মূলধারার সাধারণ স্কুল, কারিগরি এবং মাদ্রাসা—এই শিক্ষাধারাগুলোর প্রেক্ষাপট ও উদ্দেশ্য ভিন্ন। সাধারণ স্কুল ও কারিগরি ধারা সকল ধর্মের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হলেও মাদ্রাসা শিক্ষা মূলত দ্বীন ও দুনিয়ার সমন্বিত জ্ঞান অর্জনের লক্ষ্যে পরিচালিত। কিন্তু কমন বিষয়গুলোর ক্ষেত্রে সাধারণ ধারার পাঠ্যবই হুবহু ব্যবহার করার ফলে অনেক সময় এমন বিষয় বা দৃষ্টান্ত পাঠ্যবইয়ে চলে আসে, যা মাদ্রাসা শিক্ষার মৌলিক দর্শন, মুসলিম পরিচয়, ধর্মীয় বিশ্বাস বা সাংস্কৃতিক পরিমণ্ডলের সাথে সাংঘর্ষিক হতে পারে। তাই মাদ্রাসার কমন বা সাধারণ পাঠ্যবইগুলো প্রণয়ন ও চূড়ান্ত করার আগে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ আলেম সমাজ, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দিয়ে যথাযথভাবে যাচাই ও মূল্যায়ন করা উচিত। এতে শিক্ষার্থীরা সাংঘর্ষিক শিখন অভিজ্ঞতা থেকে মুক্ত থাকবে এবং মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্যও সুরক্ষিত থাকবে।
আমরা আলিয়া মাদরাসার ক্লাস নাইন ও টেনের আটটি বইয়ের ওপর একটি পর্যালোচনা করে দেখেছি, সেখানে শতাধিক বিষয় এমন আছে যা সরাসরি ইসলামী মূল্যবোধ এবং কুরআন ও হাদীস পরিপন্থি। যে শিক্ষার অন্যতম উদ্দেশ্য ইসলাম শেখা, সেখানে সরাসরি ইসলাম পরিপন্থি বিষয় থাকলে কীভাবে সেটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে!
৪। সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থি বিষয়মুক্ত পাঠ্যপুস্তক প্রণয়ন
আমরা এমন একটি শিক্ষাক্রম প্রত্যাশা করি, যেখানে ধর্মকে শিক্ষার বিচ্ছিন্ন কোনো অংশ হিসেবে বিবেচনা না করে মূল্যবোধ ও জীবনদর্শনের মৌলিক ভিত্তি হিসেবে স্থান দেওয়া হবে; যেখানে জ্ঞান ও দক্ষতার মান অক্ষুণ্ণ রেখে শিক্ষার্থীদের বিশ্বপরিসরে প্রতিযোগিতায় সক্ষম করে গড়ে তোলা হবে; এবং যেখানে সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় বিশ্বাস ও সংখ্যালঘুদের অধিকার সমানভাবে ন্যায় ও মর্যাদার সঙ্গে সংরক্ষিত হবে। দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘ দিন ধরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের পাঠ্যপুস্তকে ধর্মীয় মূল্যবোধ পরিপন্থি বিষয়গুলোকে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে। ফলে আভিভাবকগণ মূল শিক্ষাধারার বিকল্প পথে ব্যপকভাবে ঝুঁকছেন।
৫। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফল ঘটানো
আধুনিক কারিকুলাম তত্ত্বের জনক রাফ টাইলার তার বিখ্যাত গ্রন্থ Basic Principles of Curriculum and Instruction (1949)-এ শিক্ষাক্রম প্রণয়নের তিনটি প্রধান উৎসের কথা বলেছেন, যার অন্যতম হলো ‘শিক্ষার্থী ও সমাজের চাহিদা’ (Needs of the Learners and Contemporary Society)। তার মতে, কোনো শিক্ষাক্রম যদি সমাজের মানুষের বাস্তব জীবনবোধ ও প্রত্যাশার সাথে সংগতিপূর্ণ না হয়, তবে তা কার্যকর হতে পারে না।
প্রখ্যাত শিক্ষাবিদ জন ডিউই তার Democracy and Education (1916) গ্রন্থে উল্লেখ করেছেন, শিক্ষা হলো সমাজের ধারাবাহিকতা রক্ষার মাধ্যম। রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থা যখন অভিভাবক ও সমাজের মৌলিক আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ায়, তখন শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়।
ইউনেস্কোর Rethinking Education: Towards a Global Common Good? (2015) প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, মানসম্মত ও টেকসই শিক্ষার জন্য স্থানীয় সংস্কৃতি, ধর্মীয় ঐতিহ্য এবং সম্প্রদায়ের প্রত্যাশাকে (Community Aspirations) শিক্ষাক্রমের মূলধারায় অন্তর্ভুক্ত করা অপরিহার্য।
বাংলাদেশের প্রেক্ষাপটে ‘ছায়া শিক্ষা’ (Shadow Education) ও কুরআন শিক্ষার বাস্তবতা
শিক্ষা গবেষণায় মূলধারার স্কুলের বাইরে অভিভাবকদের নিজ খরচে গৃহশিক্ষক বা কোচিংয়ের মাধ্যমে সন্তানদের পড়ানোর প্রবণতাকে ‘ছায়া শিক্ষা’ (Shadow Education) বলা হয়।
মার্ক ব্রে-এর (Mark Bray) গবেষণা: হংকং বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষা গবেষক মার্ক ব্রে তাঁর Confronting the Shadow Education System (UNESCO, 2009) গ্রন্থে দেখিয়েছেন, রাষ্ট্রীয় শিক্ষাক্রম যখন অভিভাবকদের কাঙ্ক্ষিত বিষয়গুলো পূরণ করতে ব্যর্থ হয়, তখনই সমাজে সমান্তরাল বা প্রাইভেট শিক্ষাব্যবস্থা গড়ে ওঠে।
বাংলাদেশের বাস্তবতা: বাংলাদেশের শহরে কিংবা গ্রামে প্রায় প্রতিটি মুসলিম পরিবার সকাল বা সন্ধ্যায় নিজ দায়িত্বে ধর্মীয় শিক্ষক বা গৃহশিক্ষক রেখে সন্তানদের কুরআন তিলাওয়াত ও মৌলিক দ্বীনি শিক্ষা দিয়ে থাকেন। এটি প্রমাণ করে যে, এ দেশের অভিভাবকদের কাছে অনেক ঐচ্ছিক বিষয়ের তুলনায় কুরআন শিক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় কারিকুলামে বিশুদ্ধ কুরআন শিক্ষাকে বাধ্যতামূলকভাবে যুক্ত করা হলে অভিভাবকদের ওপর থেকে অতিরিক্ত আর্থিক ও মানসিক চাপ কমবে এবং শিক্ষাক্রম জনগণের হৃদয়ের কাছাকাছি পৌঁছাবে।
৬। বিষয়ভিত্তিক শিক্ষাক্রমে ইসলামী ও নৈতিক মূল্যবোধের একীভূতকরণ
শিক্ষাক্রমে ইসলামী ও নৈতিক মূল্যবোধের সমন্বিত অন্তর্ভুক্তি নিশ্চিত করা প্রয়োজন, যাতে ধর্মীয় শিক্ষা ও বাস্তব জীবনের মধ্যে কোনো কৃত্রিম বিভাজন তৈরি না হয় এবং শিক্ষার্থীরা জ্ঞানচর্চা, চিন্তাভাবনা ও দৈনন্দিন কর্মকাণ্ডে নৈতিক মূল্যবোধের অনুশীলন করতে পারে। এ লক্ষ্যে বাংলা ও ইংরেজি সাহিত্যে সততা, ত্যাগ, দানশীলতা ও শালীনতা; সমাজবিজ্ঞান ও নাগরিক শিক্ষায় পারিবারিক দায়িত্ব, আত্মীয়তার সম্পর্ক, সামাজিক ন্যায়বিচার ও সম্প্রীতি; বিজ্ঞান ও পরিবেশ শিক্ষায় প্রকৃতি সংরক্ষণ, অপচয় রোধ ও পরিচ্ছন্নতা; গণিত ও অর্থনীতিতে হালাল উপার্জন, ন্যায়ভিত্তিক লেনদেন ও দুর্নীতিবিরোধী চেতনা; এবং তথ্যপ্রযুক্তি শিক্ষায় তথ্যের সত্যতা যাচাই, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা ও অনলাইন শিষ্টাচারের মতো মূল্যবোধ বিষয়ভিত্তিক পাঠ ও ব্যবহারিক উদাহরণের মাধ্যমে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হচ্ছে। এর ফলে মুসলিম শিক্ষার্থীদের ঈমান ও আখলাক সুদৃঢ় হওয়ার পাশাপাশি সব ধর্মের শিক্ষার্থীর মধ্যে মানবিকতা, নৈতিকতা ও নাগরিক দায়িত্ববোধ বিকশিত হবে।
৭। পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে যোগ্য আলেম ও বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তি
এনসিটিবির প্রতিটি স্তরের কারিকুলাম ও পাঠ্যপুস্তক প্রণয়ন, সম্পাদনা এবং অনুমোদন কমিটিতে স্বীকৃত আলেম, ইসলামী চিন্তাবিদ ও ইসলামী শিক্ষা বিশেষজ্ঞদের স্থায়ী প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রস্তাব করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে ইসলামী বিশ্বাস, মূল্যবোধ ও শিক্ষা দর্শনের যথাযথ প্রতিফলন নিশ্চিত করা সম্ভব হবে।
৮। বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের পাঠ্যবইয়ে বিশ্বাস-সংঘাত নিরসন
বিবর্তনবাদ ও মহাবিশ্বের উৎপত্তি-সংক্রান্ত তত্ত্বগুলোকে চূড়ান্ত সত্য হিসেবে উপস্থাপন না করে বৈজ্ঞানিক তত্ত্ব ও অনুকল্প হিসেবে যথাযথ প্রেক্ষাপটে উপস্থাপনের প্রস্তাব করা হচ্ছে। পাশাপাশি বিশ্বজগতের সুশৃঙ্খল সৃষ্টি এবং স্রষ্টার কুদরতের প্রতি যৌক্তিক দৃষ্টিভঙ্গি তুলে ধরার বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
৯। বাংলা সাহিত্য ও ইতিহাসে মুসলিম ঐতিহ্যের যথাযথ উপস্থাপন
বাংলা সাহিত্যের পাঠ্যসূচিতে কাজী নজরুল ইসলাম, ফররুখ আহমদ, আল মাহমুদ, সৈয়দ আলী আহসানসহ মুসলিম কবি-সাহিত্যিকদের রচনা এবং পুঁথিসাহিত্যের সমৃদ্ধ ধারাকে যথাযথ গুরুত্ব দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। একইভাবে ইতিহাসের পাঠ্যক্রমে সুলতানি ও মুঘল শাসনামল এবং ব্রিটিশবিরোধী আন্দোলনে উলামায়ে কেরামের অবদান তথ্যনিষ্ঠ ও ভারসাম্যপূর্ণভাবে তুলে ধরা প্রয়োজন।
১০। মাধ্যমিক স্তরে আরবি ভাষা শেখার সুযোগ
মাধ্যমিক স্তরে আরবি ভাষাকে ঐচ্ছিক তৃতীয় ভাষা হিসেবে শেখার সুযোগ রাখার প্রস্তাব করা হচ্ছে। এতে মধ্যপ্রাচ্যের বিশাল বড় শ্রম বাজারে আমাদের প্রভাব ও গুরুত্ব আরো বৃদ্ধি পাবে। এ ক্ষেত্রে আরবি শিক্ষাকে আধুনিক, যোগাযোগভিত্তিক ও ব্যবহারিক পদ্ধতিতে পরিচালনার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
১১। শিক্ষাক্রমে ইসলামী ব্যাংকিং বিষয় অন্তর্ভুক্ত করা
আমাদের শিক্ষাব্যবস্থায় সুদকে একদম সাধারণ করে ফেলা হয়েছে। গণিত এবং বিজনেস স্টাডিজের বিষয়গুলোতে প্রায় সব ক্ষেত্রেই সুদ সম্পর্কিত হিসাব এবং টপিক আছে। অথচ দেশের ব্যাংকিং সিস্টেমের একটা উল্লেখযোগ্য অংশ ইসলামিক ব্যাংকিং এবং ব্যবসার কনসেপ্টের ওপর পরিচালিত হচ্ছে। কিন্তু শিক্ষাক্রমে ইসলামী ব্যাংকিং বা ব্যবসার কনসেপ্ট নামমাত্রভাবে আছে।
১২। পাঠ্যপুস্তক প্রকাশের আগে উন্মুক্ত গণপর্যালোচনা
নতুন বা পরিমার্জিত পাঠ্যপুস্তক চূড়ান্তভাবে প্রকাশের অন্তত তিন মাস আগে এর খসড়া অনলাইনে উন্মুক্ত করার প্রস্তাব করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষক, শিক্ষাবিদ, আলেম, অভিভাবক এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা পাঠ্যবস্তুর বিষয়ে মতামত প্রদান ও চিহ্নিত ভুলত্রুটি সংশোধনের সুযোগ পাবেন। এ ধরনের উন্মুক্ত পর্যালোচনা প্রক্রিয়া পাঠ্যপুস্তকের মান, গ্রহণযোগ্যতা ও জবাবদিহি নিশ্চিত করতে সহায়ক হবে।
বিভি/টিটি













মন্তব্য করুন: