ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
অনিবার্য পরিস্থিতির কারণে বাংলাদেশ ও থাইল্যান্ডে পূর্বনির্ধারিত সফর স্থগিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শনিবার (২৮ নভেম্বর) মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ সফরের নতুন তারিখ ও সময় দুই দেশের পারস্পরিক সুবিধা অনুযায়ী নির্ধারণ করা হবে।
আগামী ৭ ও ৮ ডিসেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা ছিল। আনোয়ার ইব্রাহিমের এই সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করার উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই গুরুত্বপূর্ণ অংশীদার মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করতে কাজ করছে বাংলাদেশ। এর অংশ হিসেবে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, প্রবাসী কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আঞ্চলিক যোগাযোগব্যবস্থা জোরদার এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে মালদ্বীপের প্রেসিডেন্টের তিন দিনের বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। আগামী ১৩ ডিসেম্বর তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ১৬ ডিসেম্বর ভোরে তিনি ঢাকা ত্যাগ করতে পারেন।
চলতি বছরের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাঁর প্রথম বিদেশ সফর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি ওই সফরে যান।
এর আগে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ২০২৪ সালের ৪ অক্টোবর ঢাকা সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন গতি পায়। ওই সফরে তিনি তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন।
পরবর্তী সময়ে ২০২৬ সালের এপ্রিলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানালে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়।
দুই দেশের আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, জনশক্তি, হালাল অর্থনীতি, কৃষি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প এবং অবকাঠামো উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়। এ ছাড়া রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: